ভারতের সেই পাইলট অভিনন্দন বর্তমানকে ব্যঙ্গ করে বিশ্বকাপের জন্য একটি বিজ্ঞাপন বানিয়েছে পাকিস্তানের বেসরকারি টেলিভিশন চ্যানেল জ্যাজ টিভি।
কয়েক মাস আগে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাকিস্তানের হাতে ধরা পড়ার পর এই অভিনন্দনকে ভারতের কাছে ফেরত দেয় ইমরান সরকার। পাকিস্তান সেনাদের সঙ্গে তিনি যেভাবে আলাপ করেন, বিজ্ঞাপনটি সেভাবে বানানো হয়েছে।
বিজ্ঞাপনটিতে অভিনন্দন বর্তমানের মতো দেখতে এক ব্যক্তিকে ব্যবহার করা হয়েছে। তাকেও বন্দি অবস্থায় দেখানো হয়েছে।
অভিনন্দন যেমন পাক সেনাদের সব প্রশ্ন এড়িয়ে গিয়েছিলেন, এ ক্ষেত্রে এই অভিনেতাকেও তেমনই করতে দেখা গেছে।
১৪ ফেব্রুয়ারি ভারতের পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। ওই হামলায় ভারতের ৪৯ জন সেনা প্রাণ হারান।
এরপর ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত এবং অভিনন্দনকে আটক করার ঘটনায় পাকিস্তানের সঙ্গে পুরোদমে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত পাকিস্তান তাকে ফিরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।
