অনবরত বৃষ্টির কারণে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের একটি বলও মাঠে গড়ায়নি।এমনকি টসও হয়নি। শেষমেশ ম্যাচ অফিসিয়ালরা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেছেন। এমন অবস্থায় দর্শকদের সান্ত্বনা হিসেবে ম্যাচ টিকিটের টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি।
মঙ্গলবারের ম্যাচটি অনুষ্ঠিত না হওয়ায় হতাশ হয়েছেন দর্শকরা। বৃষ্টির কারণে ক্রিকেটাররা মাঠে নামতে না পারলেও গ্যালারিতে ঠিকই হাজির হয়েছিলেন সমর্থকরা। এদিন গ্যালারির প্রায় পঁচানব্বই ভাগ সমর্থক ছিলেন বাংলাদেশের পক্ষে। কিন্তু রসিক বৃষ্টির কারণে হতাশ হয়ে তাদের ফিরে যেতে হয়েছে ঘরে।
ব্রিস্টলের কাউন্টি গ্রাউন্ডে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল বাংলাদেশি মুদ্রায় দুই হাজার টাকার কিছু বেশি। ম্যাচ না দেখে বাড়ি ফেরা দর্শকদের হতাশা কাটাতেই কিনা, বিশ্বকাপের মূল আয়োজক ও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ম্যাচ টিকেটের টাকা দর্শকদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
যেসব দর্শক বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের টিকিট কিনেছিলেন, তারা নির্ধারিত শর্ত পূরণ করে টিকেটের টাকা ফেরত পাবেন। নিজেদের আর্থিক মুনাফা ছেড়ে দিয়ে দর্শকদের কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছে আইসিসি।
বৃষ্টির কারণে সমর্থকদের মধ্যে বাংলাদেশের চেয়ে লঙ্কানরাই বেশি হতাশ হবেন। এর আগে গত হওয়া তিনটি ম্যাচের মধ্যে পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচটিও চলে গিয়েছিল বৃষ্টির পেটে। ইংল্যান্ডে থাকা লঙ্কান সমর্থকরা বারবার মাঠে গিয়ে হতাশ হয়ে ঘরে ফিরছেন এক পয়েন্ট নিয়ে। এবার বাংলাদেশের এমন অভিজ্ঞতা এখন পর্যন্ত একবারই।
ম্যাচটি না হওয়ায় বেশি হতাশ বাংলাদেশই। এই ম্যাচ থেকে প্রাপ্ত এক পয়েন্টে চার ম্যাচে টাইগারদের প্রাপ্তি এখন মোট ৩ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আসর শুরুর পর নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে হেরেছিল মাশরাফীরা।
সেমিফাইনালের দাবি জোরালো রাখতে এদিন শ্রীলঙ্কার বিপক্ষে জায়টা খুব প্রয়োজন ছিল টাইগারদের। এক পয়েন্ট হারানোতেও সামনের সমীকরণ কঠিনই হয়ে গেল টাইগারদের জন্য। যদিও এখনো বাকি পাঁচ ম্যাচ।
