টস জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিংয়ে পাকিস্তান

আপডেট : ১২ জুন ২০১৯, ০৩:০৫ পিএম

এবারের বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও অস্ট্রেলিয়া। টনটনে কাউন্টি গ্রাউন্ডে এই লড়াইয়ে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।

এখন পর্যন্ত ইংল্যান্ডে ফেবারিটদের মতোই এগুচ্ছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচে দুটিতে জয় নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান অজিদের। পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে কিছুটা হলেও নির্ভার থাকবে অ্যারন ফিঞ্চ। কারণ সবশেষ দুই দলের সিরিজটি আবুধাবিতে অজিরা জিতেছিল ৫-০ ব্যবধানে। তাছাড়া আগের বিশ্বকাপে ক্যাঙ্গরুদের কাছে হেরে বিদায় নিয়ে ছিল পাকিস্তান।

কিছুদিন আগেও ধুকতে থাকা অস্ট্রেলিয়া শিবিরে ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ ফেরার পর দলটির শক্তি ঢের বেড়েছে। তাছাড়া টপ অর্ডারে প্রতিপক্ষের বোলারদের শাসন করছেন অ্যারন ফিঞ্চ, ওসমান খাজারা। যেকোন ম্যাচে লাগাম টানতে পারেন ম্যাক্সওয়েল। লোয়ার অর্ডারে ক্যামিও খেলে দিচ্ছেন অ্যালেক্স ক্যারি, কোল্টার নাইলরা।

পাকিস্তান ব্যাটসম্যানদের ভোগাতে গতির গোলা ছুড়তে প্রস্তুত মিচেল স্টার্ক, প্যাট কামিন্সরা। তাছাড়া রয়েছেন লেগ স্পিনার অ্যাডম জাম্পা। যদিও এখনো তার কাছ থেকে কাঙ্ক্ষিত পারফরম্যান্স পাচ্ছে না দল। ইনজুরির কারণে একাদশে থাকছেন না স্টয়নিস। তার পরিবর্তে স্কোয়াডে আসতে পারেন মিচেল মার্শ।

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান। এই তকমাটা ছেড়ে ধারাবাহিক হতে মারিয়া দলটি। আসরে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০৫ রানে ধরাশয়ী হয় সরফরাজ আহমেদের দল। পরে অবশ্য এবারের বিশ্বকাপের সবচেয়ে শক্ত প্রতিপক্ষ ইংল্যান্ডকেই হারিয়ে জয়ে ফিরেছে তারা। এক জয় আর ১ হারে পয়েন্ট টেবিলের আট নম্বরে রয়েছে তারা।

অজিদের বিপক্ষে মাঠে নামার আগে পাকিস্তানের জন্য মাথা ব্যাথার কারণ হতে পারে ওপেনার ফখর জামানের ফর্মহীনতা। তবে ইমাম-উল-হক, বাবর আজমরা ভূমিকা রাখছেন।

বৈচিত্র্যময় বোলিং আক্রমণ এখনো আশা দেখাতে পারেনি পাকিস্তানকে। শাদাব খান, ইমাদ ওয়াসিমরা এখনো ছন্দ খোঁজে পায়নি। মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ, হাসান আলীরা জ্বলে উঠলে অজিদের আটকাতেও পারে ১৯৯২ বিশ্ব চ্যাম্পিয়নরা।

ওয়ানডে ক্রিকেটে দল দুটির ১০৩বারের মুখোমুখি দেখায় পাকিস্তানের চেয়ে বেশ এগিয়ে অস্ট্রেলিয়া। পাকিস্তানের মাত্র ৩২ জয়ের বিপরীতে অজিদের জয় ৬৭ ম্যাচে। তিনটি ম্যাচ পরিত্যাক্ত, একটি ম্যাচ টাই।

বিশ্বকাপে দল দুটি মুখোমুখি হয়েছে নয়বার। এর মধ্যে অস্ট্রেলিয়ার জয় পাঁচটি, পাকিস্তানের জয় চারটি।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাওয়াজা, স্টিভেন স্মিথ, শন মার্শ, গ্লেন মেক্সওয়েল, অ্যালেক্স কারেই (উইকেটকিপার), নাথান-কোল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ক্যান রিচার্ডসন

পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটকিপার), শোয়েব মালিক, আসিফ আলি, ওয়াহাব রিয়াজ, হাসান আলি, শাহীন আফ্রিদি ও মোহাম্মদ আমির

×
সর্বশেষ সর্বাধিক পঠিত