সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেনের বিরুদ্ধে নারী সহকর্মীদের যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুই নারী মাঠকর্মী তাড়াশ উপজেলা প্রেসক্লাবে এসে স্থানীয় সাংবাদিকদের কাছে ঘটনা জানালে বিষয়টি সকলের নজরে আসে। হয়রানির শিকার ওই দুই নারী মাঠকর্মী সিরাজগঞ্জ জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক তৌহিদুল ইসলাম বরাবর দুই মাস আগে এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগও দেন।
তারা আরও বলেন, এ সপ্তাহের মধ্যেই সিরাজগঞ্জ জেলা সমাজসেবা অফিসের তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, তাড়াশ সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন অভিযোগকারী তার অফিসের দুই মহিলা মাঠকর্মীকে দীর্ঘদিন যাবৎ যৌন হয়রানি করে আসছেন। অভিযোগের মধ্যে রয়েছে- মহিলা কর্মীদের অনৈতিক প্রস্তাব দেয়া, অকারণে মহিলা কর্মীদের তার টেবিলে বসিয়ে রেখে শারীরিক সেবা করতে বলা, বাইরে থেকে অপরিচিত মহিলা অফিসে এনে বাথরুমে নিয়ে অসামাজিক কার্যকলাপ করা, বেছে বেছে সুন্দরী মহিলাদের ঋণ দিতে বলা, কোন কোন ঋণ গ্রহীতা মহিলার বাসায় গিয়ে দাওয়াত খাওয়া, প্রতিবন্ধী মেয়ে শিশুদের স্পর্শকাতর স্থানে হাত দেয়া ও নারী সঙ্গী নিয়ে অফিসের নারী কর্মীদের বাসায় একান্তে থাকতে চাওয়া ইত্যাদি।
এ ব্যাপারে যৌন হয়রানির শিকারি এক সহকর্মী জানান, শাহাদৎ হোসেনের নানা অনৈতিক প্রস্তাবে তিনি রাজি না হলে তাকে দূরে বদলি করার হুমকি দেন ও চাকরি নিয়ে নানা জটিলতা সৃষ্টি করেন।
অপর অভিযোগকারী বলেন, অফিসের বস হিসেবে প্রায়ই তিনি আমাকে তার দপ্তরে ডেকে নিয়ে গিয়ে বলেন,আমার সেবা যত্ন করাই আপনাদের কাজ। অফিসের কাজ পরে করলেও চলবে।
তারা আরও জানান, মো. শাহাদৎ হোসেনের বিরুদ্ধে এর আগের কর্মস্থল নাটোরের গুরুদাসপুর উপজেলায়ও যৌন হয়রানির অভিযোগ ওঠায় তাকে তাড়াশ উপজেলায় বদলি করা হয়।
এ অভিযোগ সম্পর্কে তাড়াশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। ওই দুই নারী কর্মী কর্মক্ষেত্রে কাজকর্ম ফাঁকি দেয়ায় তাদের অন্যত্র বদলি করার কারণে তারা একটি মহলের সহযোগিতায় আমাকে সামাজিক ভাবে হেয় করতে এসব ষড়যন্ত্র করছে।
এ ব্যাপারে জানতে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহানের মোবাইল ফোনে ও সিরাজগঞ্জ জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক তৌহিদুল ইসলামের ল্যান্ড ফোনে একাধিকবার ফোন দিলেও তারা রিসিভ করেননি। ফলে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
