কঙ্গনার কাছে ক্ষমা চেয়েছিলেন হৃতিকের বোন!

আপডেট : ১৪ জুন ২০১৯, ১২:৩৫ পিএম

কঙ্গনা রনৌতের বিতর্কের ময়দানে এবার হাজির হলেন সাবেক প্রেমিক হৃতিক রোশনের বোন সুনয়না রোশন। তাকে টেনে নিয়ে এলেন নায়িকার বোন রঙ্গোলি।

এক টুইটে রঙ্গোলি লেখেন, ‘‘কঙ্গনা ও আমার সঙ্গে ফোনে যোগাযোগ আছে সুনয়নার। হৃতিক যখন কঙ্গনার নামে অপপ্রচার চালাচ্ছিল, তখন বোনের পক্ষে কথা না বলতে পারার জন্য আমাদের দু’জনের কাছেই ক্ষমা চেয়েছেন সুনয়না।’’

এই টুইটে হইচই পড়ে গেছে বলিউডে। তবে অনেকের মতে, জুলাইয়ে মুক্তি পাচ্ছে কঙ্গনা অভিনীত ‘মেন্টাল হ্যায় ক্যায়া’। ছবিটির প্রচার শুরুর আগে ফের হৃতিক-কঙ্গনা বিতর্ক উসকে দিতে চাইছেন রঙ্গোলি ও তার টিম।

সম্প্রতি অসুস্থতার কারণে খবরের শিরোনামে আসেন সুনয়না। দিন কয়েক আগে টুইটারে লেখেন, ‘‘আমি নরকে বাস করছি।’’

রাকেশ রোশনের ক্যানসার ধরা পড়ার পরে বাবা-মায়ের সঙ্গে থাকতে শুরু করেছেন সুনয়না। এর আগে বেশ কিছুদিন হোটেলেও ছিলেন।

সুনয়না বলেন, ‘‘বাবা-মায়ের সঙ্গে থাকতে গিয়ে কিছু সমস্যা হয়েছে। ওই বাড়িতে প্রবেশের ও থাকার আমার আলাদা ব্যবস্থা রয়েছে।’’

এমনও শোনা যায়, সুনয়নার বাইপোলার ডিসঅর্ডার রয়েছে। তবে তা ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে জানিয়েছেন তিনি।

সুনয়নার ভাষ্যে, ‘‘অ্যালকোহলজনিত সমস্যার জন্য গত বছর ডিসেম্বরে কয়েক দিন লন্ডনের এক রিহ্যাবে ছিলাম। সুস্থ হয়ে দেশে ফিরি। আমার কোনো দিনই বাইপোলার ডিসঅর্ডার হয়নি।’’

এ দিকে রঙ্গোলির দাবি, ‘‘কঙ্গনার সঙ্গে সুনয়নার সুসম্পর্ক থাকায় নিজের বোনের মানসিক রোগের মিথ্যা প্রচার করেছে হৃতিক ও তার পিআর টিম।’’

তবে রঙ্গোলির মন্তব্য নিয়ে এখনো মুখ খোলেননি সুনয়না বা তার পরিবার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত