পৃথিবীব্যাপী বাড়ছে হরর সিনেমার দর্শক। হলিউডসহ একাধিক ইন্ডাস্ট্রিতে নির্মিত হচ্ছে ভয় ও আতঙ্ক ছড়ানোর বিশাল বাজেটের প্রচুর ছবি। তবে দেখে নিই, ৭০-৮০ এর দশকের আলোচিত কিছু হরর ছবি।
দ্য এক্সোরসিস্ট (১৯৭৩)
বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার আলোচিত এই ছবি। সিনেমা হলে ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করত দর্শকেরা। কান্না আর বমি থেকে রেহাই পেতে সিনেমা হলে সরবরাহ করা হতো বার্ফ বাগসও। ইতিহাসের ভয়ংকরতম এই ছবিটি যুক্তরাষ্ট্রের নিষিদ্ধঘোষিত অন্যতম ছবি।
দ্য শাইনিং (১৯৮০)
ভয়ংকর অনুভূতির আরেকটি ছবি এটি। বিষণ্ন এক শীতের রাতে পরিবারের সদস্যদের নৃশংসভাবে কেটে হত্যা করতে উন্মত্ত হতে দেখা যায় জ্যাক নিকলসন। হরর ছবিটিতে এত নিখুঁতভাবে ভয় ধরিয়ে দেয় যে, রীতিমতো হাড় ঠান্ডা হয়ে যায় মানুষের।
হ্যালোয়েন (১৯৭৮)
হরর ছবির মধ্যে এখনো আলোচিত ছবি এটি। রক্ত মাখামাখি স্ক্রিনে রীতিমতো হুঁশ হারিয়ে ফেলার অবস্থা হয় দর্শকদের। এত আতঙ্ক আর ভয় ধরিয়ে দেয় যে অনেক দর্শকই এই ছবি বয়কট করেছিল সে সময়।
পোল্টারগাইস্ট (১৯৮২)
ভূতের সিনেমাপ্রেমীদের কাছে এই ছবি বেশ পরিচিত। ৮০ এর দশকে এই সিনেমা মানুষের মধ্যে দারুণ ভীতি সঞ্চার করেছিল। ছবিটি দেখার পর একা থাকতেও আতঙ্কিত হতো মানুষের। আচমকা কোথাও কিছু নড়াচড়া করলে বা হলে ভয়ে আঁতকে উঠত সবাই।
দ্য ইভিল ডেড (১৯৭৯)
নৃশংসভাবে ব্যাপক হত্যাকাণ্ড, সেই সঙ্গে অতিপ্রাকৃতিক ঘটনার ছড়াছড়ি এই সিনেমা যারা দেখেছেন তাদের মনে এখনো ভয় যায়নি। দৃশ্যকে জীবন্ত করে তুলতে ব্যবহার করা হয়েছিল নানা ধরনের ইফেক্ট। যা দর্শকের মনে ভয়কে আরও বেশি গেঁথে দিয়েছিল।
