দেশ শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণই নয় উদ্বৃত্তও : কৃষিমন্ত্রী

আপডেট : ১৭ জুন ২০১৯, ০১:০৪ এএম

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ এখন শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণই নয়, খাদ্যে উদ্বৃত্তের দেশ। এখন দরকার জনগণের জন্য নিরাপদ ও পুষ্টিমানের খাবার নিশ্চিত করা। এতে ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের বাংলাদেশ অডিটোরিয়ামে ‘ফলদ বৃক্ষরোপণ পক্ষ ও জাতীয় ফল প্রদর্শনী ২০১৯’ উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে মন্ত্রী বলেন, ‘কৃষির জন্য টাকা কোনো সমস্যা হবে না। এ খাতে ৯ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও দেওয়া হবে। কমানো হবে সারের দাম। কৃষি উন্নয়নে যা যা করণীয় তাই করা হবে।’
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ফল উৎপাদনে আমরা অনেক এগিয়েছি। অনেক ফল আছে, যেগুলো সারা বছর চাষ করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন ধরনের বিদেশি ফলও চাষ হচ্ছে। আমাদের দেশের আম বিদেশিরা খেয়ে বলে খুবই সুস্বাদু।’ কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষিপণ্য রপ্তানিতে শতকরা ২০ ভাগ ভর্তুকি দিচ্ছি। চাল আমদানিকে নিরুৎসাহিত করা হচ্ছে। করের পরিমাণও বাড়ানো হয়েছে।’ তিনি বলেন, ‘উৎপাদন বৃদ্ধির কারণে ধানের দাম অস্বাভাবিকভাবে কমেছে। এছাড়াও শ্রমের দামও অস্বাভাবিকভাবে বাড়ছে। এখন শ্রমিক পাওয়া যাচ্ছে না। এর অর্থ হলো মানুষের জীবনযাত্রার মান ও কর্মসংস্থানের সুযোগ বেড়েছে।’
কৃষি সচিব মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান ও চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বিশেষ অতিথির বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত