বিশকাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আশার কথা, টনটনে সোমারসেট ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠেয় ম্যাচটিতে কোনো বৃষ্টির বাগড়া থাকবে না। তবে রোদ-মেঘের লুকোচুরি থাকবে।
সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে দল দুটি। আবহাওয়ার পূর্বাভাসে জানা যাচ্ছে, টনটনে বৃষ্টির সম্ভাবনা খুব কম। সকাল ৭টা থেকে মধ্যরাত পর্যন্ত তাপমাত্রা ওঠা নামা করলেও শতকরা হিসেবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম।
বিবিসির আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশে খানিকটা মেঘ জমে থাকবে। হয়তো বাতাস বইবে ভালোই। কিন্তু সারাদিনে বৃষ্টি পড়ার সম্ভাবনা ৬ থেকে ২১ শতাংশ।
এর আগে বৃষ্টির কারণে ব্রিস্টলে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি পরিত্যাক্ত হয়। তাতে টাইগারদের ক্ষতিই বেশি হয়েছে। ওই ম্যাচটিতে তাদের জয় পাওয়ার জোরালো সম্ভাবনাই ছিল।
এখন পর্যন্ত চার ম্যাচে মাত্র ৩ পয়েন্ট অর্জন বাংলাদেশের। অষ্টমস্থানে আছে তারা। এই অবস্থা থেকে উন্নতির জন্য উইন্ডিজের বিপক্ষে জিততে মরিয়া হয়েই নামবে মাশরাফী বিন মোর্ত্তজার দল।
ক্যারিবীয় দলটিরও একই অবস্থা। চার ম্যাচে তাদের পয়েন্টও ৩। কিন্তু রান রেটে এগিয়ে থাকায় ষষ্ঠস্থানে আছে তারা। তাদের লক্ষ্যও জয়ে ফেরা।
