টস জিতে ফিল্ডিংই পাকিস্তানের ভুল ছিল : সৌরভ

আপডেট : ১৭ জুন ২০১৯, ১১:৪৬ পিএম

ভারতের সঙ্গে ম্যাচে টস জিতে ফিল্ডিং নেওয়ায় পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদের সমালোচনা করছেন অনেক সাবেক ক্রিকেটার। সেই তালিকায় আছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও। ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রতিদিনে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ জানিয়েছে, টস জিতে বল করাটাই পাকিস্তানের ভুল ছিল।

টস নিয়ে সৌরভ বলেন, ‘আজ (রবিবার) তো ভুলভাল সিদ্ধান্ত নিল। টস জিতে কেউ ফিল্ডিং করে এখানে। পাগল নাকি?’ ভারতের সঙ্গে সবসময় টস জিতে পাকিস্তানের ব্যাটিং নেওয়া উচিত বলে মনে করেন সৌরভ। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানও বলেছিলেন টস জিতে ব্যাটিং নিতে। সৌরভ বলেন, ‘আমি আজ (রবিবার) স্টার স্পোর্টসের প্রি-শোতেও বলেছি সিদ্ধান্তটা ভুল ছিল। তখনই আসলে

পাকিস্তান ম্যাচ হেরে গেছে।’ আকাশ মেঘলা থাকার পরও কেন বল সুইং করেনি সেই জবাবও দিয়েছেন সৌরভ। জানিয়েছেন, কুকাবুরা বল ডিউক বলের মতো সুইং করে না।

ম্যাচের দিন ইনজুরি আক্রান্ত শিখর ধাওয়ানকে দেখা গেছে দ্বাদশ খেলোয়াড়ের মতো বারবার মাঠে দৌড়ে যেতে। তার প্রশংসা করে সৌরভ বলেন, ‘শিখরকে আমি এবার (আইপিএলে) দিল্লি ক্যাপিটালসে কাছ থেকে দেখলাম। দারুণ ছেলে। অত্যন্ত টিমম্যান।’ ম্যাচে হুক করতে গিয়ে আউট হয়ে ফেরেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। নিজে থেকেই বেরিয়ে গিয়েছিলেন মাঠ থেকে আম্পায়ারের সিদ্ধান্তের আগেই। পরে রিপ্লেতে দেখা যায় সেটি আউট ছিল না। বিরাটের আউট সম্পর্কে সৌরভ বলেন, ‘আসলে বিরাটের ব্যাটটা হুক করতে গিয়ে একটা আওয়াজ হয়। সেটা থেকে ও ভেবেছিল স্নাক করেছে। আওয়াজে বিভ্রান্ত হয়।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত