ঈশ্বরদীতে ৮ম শ্রেণীর স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আলহাজ টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকালে রাজধানীর শাহবাগ থেকে তাকে গ্রেফতার করে রাতে ঈশ্বরদী থানায় আটক রাখা হয়। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দীন ফারুকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে নিজ স্কুলের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমান হওয়ায় অভিযুক্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হককে সাময়িক ভাবে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। যৌন হয়রানীর শিকার ওই ছাত্রী ঈম্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আহম্মেদ হোসেন ভূঁইয়ার কাছে লিখিত অভিযোগ করেন। তদন্ত প্রতিবেদন ও শিক্ষককে কারণ দর্শানোর ভিত্তিতে তাঁকে বরখাস্ত করা হয়।
স্কুল কর্তৃপক্ষ ও থানা সূত্র জানায়, গত ২৫শে মে দুপুরে স্কুল মাঠে ৮ম শ্রেণির ওই শিক্ষার্থী তার কয়েকজন বান্ধবীর সঙ্গে খেলা করছিল। ওই সময় প্রধান শিক্ষক মোজাম্মেল হক ওই ছাত্রীকে ডেকে নিয়ে তাকে বিভিন্ন ধরনের অশ্লীল ও আপত্তিকর কথাবার্তা বলে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন।
পরে তার বান্ধবীরা এগিয়ে এলে প্রধান শিক্ষক তাকে ছেড়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রভাবশালীরা ঘটনাটি ধামাচাপা দিতে ব্যর্থ হন। পরে ওই ছাত্রী নিজেই বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি যৌন হয়রানির মামলা করে। মামলার পর থেকেই অভিযুক্ত প্রধান শিক্ষক গা ঢাকা দিয়েছিলেন।
ঘটনার ২১ দিন পর অবশেষে সোমবার তাকে ঢাকার শাহাবাগ থেকে গ্রেফতার করে ঈশ্বরদী থানা পুলিশ।
স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা মহিলা লীগের সভানেত্রী কামরুনাহার শরীফ বলেন, তার কারণে স্কুলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে, শৃংঙ্খলা নষ্ট হয়েছে। তাই নিয়মমাফিক তাকে সাময়িক অব্যহতি দেওয়া হয়েছে।
