পাবনায় জুয়ার আসর থেকে ইউপি চেয়ারম্যানসহ আটক ১০

আপডেট : ১৮ জুন ২০১৯, ১১:৪৮ এএম

পাবনার সুজানগরে জুয়া খেলার অপরাধে পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল হক টুটুলসহ ১০ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সোমবার রাত ১২টার দিকে পার্শ্ববর্তী সুজানগর থানাধীন নিজাম উদ্দিন ডিগ্রী কলেজে পেছনে আব্দুস সাত্তারের বাড়ির একটি কক্ষে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়।

সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার জানান, নিজাম উদ্দীন ডিগ্রী কলেজের পেছনে জুয়া ও মাদকের আসর বসেছে- এমন সংবাদে অভিযান চালালে সেখান থেকে চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল হক টুটুল, সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহিনের বড় ভাই রাজু আহমেদসহ ১০ জনকে আটক করা হয়।

এ সময় সেখান থেকে জুয়া খেলার সরঞ্জাম, তাস এবং নগদ একুশ হাজার আটশ বিশ টাকাও উদ্ধার করা হয়।

আটক অন্যরা হলেন- চর সুজানগর গ্রামের মৃত মেছের মন্ডলের ছেলে আব্দুস সাত্তার (৫২), আবুল হোসেনের ছেলে মোমিন হোসেন (৩৫) , মৃত শুকুর বিশ্বাসের ছেলে কালাম হোসেন (৩১), সাকিব উদ্দিনের ছেলে রেজাউল করিম মানিক (৪০), মৃত মেছের সরদারের ছেলে পাশু সরদার (৪২), মৃত কেসমন খানের ছেলে নাজির খান (৪৬), দেবেন্দ্রনাথ কর্মকারের ছেলে দীলিপ কর্মকার (৪০) এবং গোকুল নগর গ্রামের দিলীপ অধিকারীর ছেলে আশিস কুমার (৪০)।

স্থানীয়রা জানান, চরতারাপুর ইউনিয়নের চেয়ারম্যান টুটুল দীর্ঘদিন ধরেই ইউনিয়ন পরিষদের কক্ষে মদ, জুয়া, গাঁজার আসর বসান।

আটকদের সোমবার সুজানগর থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত