ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছাত্রীকে উত্ত্যক্তের জের ধরে দুই দলের সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার সৈয়দটুলা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার সকালে সৈয়দটুলা গ্রামের নয়াপাড়া এলাকার দুই ছাত্রী সরাইল সদরে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে ফকিরপাড়ার আবদুল্লাহ,মুয়াজ্জিনসহ কয়েকজন যুবক তাদের উত্ত্যক্ত করে।
এ খবর পেয়ে নোয়াপাড়ার লোকজন ফকিরপাড়ায় জিজ্ঞেস করতে গেলে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এরপর দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন।
মুহূর্তের মধ্যে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ ও ২০ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে সরাইল থানার ওসি নূরুল হক, এসআই রফিক, কনস্টেবল নাজমুল, রুকন উদ্দিন, বেলাল, গ্রামবাসী আশিক (২৫), ফয়সল (১৮), আবদুল্লা (২৬), মোস্তফা (২০), জুয়েল (২৪), মোফাচ্ছের (২০)সহ ৩০ জন আহত হয়। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল ও সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে।
সরাইল থানার ওসি মফিজ উদ্দিন ভূঞা বলেন, ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে পুলিশ শর্টগানের গুলি করেছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
