যথেষ্ট তৈরি হয়েই বিশ্বকাপে এসেছে বাংলাদেশ : বয়কট

আপডেট : ২১ জুন ২০১৯, ১২:২৫ এএম

মেজাজে আছেন ইয়র্কশায়ারের খুঁত খুঁতে বুড়ো জিওফ বয়কট। কারণ? এক, ইংল্যান্ড ভালো খেলছে। দুই, ৭৮ বছর বয়সে দাদু হতে চলেছেন। তিন, আইসিসি জানিয়ে দিয়েছে, যেকোনো ম্যাচে সস্ত্রীক মাঠে যেতে পারেন। বয়সের কারণে খুব বেশি বাইরে যান না অবশ্য। প্রথম যে ম্যাচটা দেখেছিলেন মাঠে গিয়ে, ম্যানচেস্টারে ভারত-পাকিস্তান। যে শহরে পুরনো বন্ধু অ্যালেক্স ফার্গুসনের আমন্ত্রণে গিয়েছেন বহুবার, ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখতে। কথা অবশ্য বলেন অনর্গল! যা যা বললেন, সারাংশ বিশ্বকাপের আগে ইংল্যান্ডকে এগিয়ে রেখেছিলেন। পারফরম্যান্সের দিক দিয়েও আপনাদের দেশ এখন বেশ ভালোই খেলছে।

জিওফ বয়কট : বেশ ভালো কী বলছেন? আমি বলছি, টেরিফিক ক্রিকেট খেলছে ইংল্যান্ড। চ্যাম্পিয়নের মতোই দেখাচ্ছে। একই সঙ্গে দায়িত্বশীল এবং মারমুখী। রোজ তিনশো পেরিয়ে যাচ্ছে, যেকোনো দলের বিপক্ষেই। পাকিস্তানের কাছে হেরেছিল, ঠিক। কিন্তু তিনশো পেরিয়েছিল। নিয়মিত এভাবে রান তুলে যাওয়াটা মোটেও মুখের কথা নয়। এবং যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, রানটা তোলার জন্য বিশেষ এক বা দুজনের ওপর নির্ভরশীল নয়।

শুধু ব্যাটিং নয়, বোলিং-ফিল্ডিংও ভালোই হচ্ছে মরগানের দলের।

জিওফ বয়কট :সেটাই তো বলছি। সবদিক দিয়ে তৈরি দেখাচ্ছে। একদিনের ক্রিকেটে যে দলে যত বেশি ম্যাচ উইনার থাকে তারা তত এগিয়ে যায়। বোলাররা যেকোনো সময় উইকেট তুলে নিতে পারে, ব্যাটসম্যানরা যেকোনো সময় ফোর্থ গিয়ারে তুলে নিয়ে যাচ্ছে রানরেট। ফিল্ডাররাও মোটামুটি বিশ্বস্ত থেকেছে এতদিন। এটাই চালিয়ে যেতে হবে।

ব্যাটসম্যান, অলরাউন্ডার, জোরে বোলার, স্পিনার সত্যিই সব জায়গায় উপযুক্ত ক্রিকেটার। তাহলে কি বলবেন, খুঁতহীন দল? কোনো দুর্বলতা নেই ইংল্যান্ডের?

জিওফ বয়কট : অবশ্যই আছে। সবদিক দিয়ে সম্পূর্ণ দল হয়ে ওঠাটা বেশ কঠিন। এখনো কয়েকটা জায়গা আছে যেগুলো নিয়ে ভাবতে হবে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টকে। যেমন ডেথ ওভারে বোলিং। বেন স্টোকসকে দিয়ে চলবে না। ওটা স্পেশালাইজড ব্যাপার। স্টোকস খুবই ভালো ক্রিকেটার হলেও, ওই ভূমিকায় ওকে দেখতে না পেলেই ভালো লাগবে।

ইংল্যান্ডকে সবচেয়ে বেশি ঝামেলায় ফেলতে পারে কোন দেশ?

জিওফ বয়কট : আমার মনে হচ্ছে ভারত। বিরাটরাও দুর্দান্ত খেলছে। অস্ট্রেলিয়ার মতো দলকে যেভাবে দাপটের সঙ্গে হারিয়েছে, তারপর ওদের নিয়ে আলাদা করে ভাবতেই হবে। তাছাড়া পাকিস্তানকেও দুরমুশ করেছে। যদিও আমার মনে হয়েছিল, পাকিস্তান ভুল করেছিল টস জিতে বোলিং করে। ইংল্যান্ডে খেলতে এসে আরও একটু সাহসী হওয়া জরুরি।

ইংল্যান্ডের ভারী আবহাওয়া যা জোরে বোলারদের সহায়তা করে, উইকেটের স্যাঁতসেঁতে ভাব, দুটি বলে খেলা এগুলো মাথায় রাখবেন না অধিনায়ক?

জিওফ বয়কট : তা কেন? কিন্তু উইকেটের চরিত্র বদলেছে, বদলাচ্ছে। তার ওপর, খেলাটাও পঞ্চাশ ওভারের। আগে আমরা যখন খেলতাম, উইকেট এত ঢাকা থাকত না। সকালে বল যথেচ্ছ সুইং করত। সেসব বহু আগের কথা। এখন সকালে হয়তো এক-দুটো ওভার একটু জ্বালায় জোরে বোলাররা, কয়েকটা বল বড় সুইং করে। কিন্তু সেটুকু সামলে নেওয়ার মতো আত্মবিশ্বাস দেখাতেই হবে। বিশ্বকাপ খেলতে এসে ভয় পেলে চলবে না!

ভারতকে এমন শক্তিশালী মনে হওয়ার আর কোনো বিশেষ কারণ?

জিওফ বয়কট : তিনটে ‘সি’। কাম, কুল আর ক্যালকুলেটেড। ‘কমিটেড’ও যোগ করতে পারেন। ছন্দে আছে দল, যা খুব গুরুত্বপূর্ণ। শরীরী ভাষায় প্রতিফলিত আত্মবিশ্বাস। ‘আমরা পারব’, কোহলিদের মাঠে দেখলেই মনে হচ্ছে। এমন প্রতিযোগিতায় এই শরীরী ভাষাটাও ইম্পর্ট্যান্ট। বিপক্ষকে অনেক কিছু বুঝিয়ে দেওয়া সম্ভব তখন।

আর আপনাদের চিরশত্রু অস্ট্রেলিয়া? ভারতের বিপক্ষে ম্যাচটা বাদ দিলে তারাও তো খারাপ খেলছে না?

জিওফ বয়কট : খারাপ খেলবে কেন? পাঁচবারের চ্যাম্পিয়ন। তার ওপর, ওয়ার্নার আর স্মিথ ফিরে আসার পর দলটার বিরাট উপকার হয়েছে। বিশ্বকাপে ওরা দুজন দলে না থাকলে সত্যিই ওজন কমে যেতে পারত। আরে বাবা, ওরা গতবারেরও চ্যাম্পিয়ন। তাহলে, ওদের বাদ দেবেন কী করে?

চতুর্থ সেমিফাইনালিস্ট?

জিওফ বয়কট : ওভাবে বলতে চাই না। তবে নিউজিল্যান্ডকেও নজরে রাখুন। স্টেডি ক্রিকেট খেলে, বরাবর। বিশেষ করে বিশ্বকাপে। দুর্ভাগ্য, আমাদের মতো ওরাও কখনো চ্যাম্পিয়ন হয়নি। কিন্তু সচরাচর সেমিফাইনালের আগে থামানো যায় না। অবাক হবেন না কেন উইলিয়ামসনের দলকেও এগিয়ে যেতে দেখলে।

বাংলাদেশ কি নজর কাড়ছে না?

জিওফ বয়কট : অবশ্যই কাড়ছে। এককথায় বলব, আশাতীত উন্নতি করেছে। তিনশো পেরোচ্ছে শুধু নয়, তিনশোর বেশি রান তাড়া করে জিতছে, সেটাও ৭ উইকেটে এবং ৫১ বল বাকি থাকতে! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ করেছিল। দক্ষিণ আফ্রিকার বোলিং তো আর ফেলনা নয়। হ্যাঁ, এই বিশ্বকাপে কেমন যেন জট পাকিয়ে গিয়েছে। কিন্তু দক্ষিণ আফ্রিকার এই অবস্থার জন্য তো বাংলাদেশও দায়ী। ইংল্যান্ড ওদের হারিয়েছিল, প্রথম ম্যাচে। তারপর, বাংলাদেশ ম্যাচটা ছিল ওদের ঘুরে দাঁড়ানোর। কিন্তু বাংলাদেশ বুঝিয়ে দিল, ওরাও যথেষ্ট তৈরি হয়েই এসেছে বিশ্বকাপে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত