মুসলমান তরুণের সঙ্গে প্রেম করার কারণে অত্যাচার শিকার হয়েছেন হৃতিক রোশনের বোন সুনয়না। সম্প্রতি বাবা রাকেশ রোশন ও পরিবারের অন্যদের বিরুদ্ধে অভিযোগ আনেন তিনি।
সুনয়না জানান, সাংবাদিক রোহেল আমিনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য তাকে চড় মারেন বলিউডের খ্যাতনামা অভিনেতা ও নির্মাতা রাকেশ। এমনকি রোহেলকে জঙ্গি বলেও অপমান করেন।
আরও অভিযোগ, প্রথমে সাহায্য করবেন বলে পরে মুখ ফিরিয়ে নেন বড় ভাই হৃতিক। আর এই জন্য নাকি কঙ্গনা রনৌতের বোন রঙ্গোলিকে ফোন করে সাহায্য চেয়েছেন।
দিনকয়েক আগে শোনা গিয়েছিল, বাইপোলার ডিসঅর্ডার রয়েছে সুনয়নার। মাদকাসক্তির কারণে মানসিক অবসাদে ভুগছেন। সুস্থ হয়ে ওঠার জন্য রিহ্যাবেও যেতে হয়েছে তাকে।
এই সব জল্পনার মাঝে টুইটারে সুনয়না জানালেন, তার কোনো সমস্যা নেই৷
এর রেশ কাটতে না কাটতেই টুইটারে বাবা ও ভাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। সুনয়না লেখেন, “পরিবারের থেকেও আমি আলাদা রয়েছি। কারণ আমি মুসলিম ছেলেকে ভালোবেসেছি, তাই বাবা আমাকে চড় মেরেছিল। দাদাও আমার পাশে দাঁড়ায়নি। বাড়ির পরিবেশ দিন দিন আমার জন্য অস্বস্তিকর হয়ে উঠছে। মনে হচ্ছে বেঁচে থেকেই নরকে বাস করছি।”
এদিকে সুনয়নার ঘটনা নিয়ে টুইটের পর টুইট করেছেন হৃতিকের সাবেক প্রেমিকা অভিনেত্রী কঙ্গনার বোন রঙ্গোলি৷
রঙ্গোলি জানান, প্রতিদিন ফোন করে কঙ্গনার কাছে কান্নাকাটি করেন সুনয়না। রোশন পরিবারের এই ভয়ানক সত্যকে জনগণের সামনে নিয়ে আসা উচিত। সুনয়না নিজের পরিবারেই সুরক্ষিত নন।
সুনয়না নিজেও টুইটে লেখেন, “হৃতিক-কঙ্গনার মধ্যে ঠিক কী হয়েছিল জানা নেই, তবে গুজব যখন রটেছে তখন কোনো ব্যাপার তো নিশ্চয়ই ছিল। আমি কঙ্গনার পাশে আছি।”
রোশন পরিবারের খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছেন হৃতিকের সাবেক স্ত্রী সুজান খান৷ ইনস্টাগ্রামে তিনি লেখেন, “রোশন পরিবার এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমিও এই পরিবারেরই এক সদস্য ছিলাম, তাই সুনয়নাকে ভালো করে চিনি। একজন নরম মনের দায়িত্বশীল মানুষ। তার বাবা অসুস্থ, মায়ের মানসিক স্থিতি ঠিক নেই। এমন সময় আমাদের সকলের এই পরিবারের পাশে দাঁড়ানো নাকি সমালোচনা করা উচিত?’’
তবে সুজানের কথায় স্পষ্ট নয়- সুনয়নার দাবি সত্যি নাকি পুরোপুরি মিথ্যা৷ আর হৃতিকও পুরোপুরি নীরব রয়েছেন এই ব্যাপারে।
