ভোলায় চকলেট কিনতে গিয়ে সড়কে প্রাণ হারালো হালিমা (৮) নামে এক স্কুলছাত্রী।
নিহত হালিমা ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের মেয়ে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।
শুক্রবার দুপুরে ভোলা সদর উপজেলাধীন ভোলা-বরিশাল সড়কের বুড়ির মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নিহত হালিমা তার বাবা থেকে টাকা নিয়ে বুড়ি মসজিদ এলাকার একটি দোকানে চকলেট কিনতে আসে। রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী যাত্রীবাহি ইজিবাইক (ব্যাটারিচালিত) তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় হালিমা।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ভোলা সদর মডেল থানার এসআই মোফাজ্জল হোসেন জানান, ঘাতক ইজিবাইক চালককে আটকের চেষ্টা চলছে।
