চূড়ান্ত ধাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচন

আপডেট : ২১ জুন ২০১৯, ১১:০১ পিএম

যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ দলের (টোরি) নেতা নির্বাচনের সর্বশেষ ধাপ থেকে বাদ পড়েছেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। গত বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের নির্বাচনে নিজের অবস্থান সুসংহত করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

আইনপ্রণেতাদের গোপন ভোটে অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয় অবস্থানে রয়েছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। এ দুজনের মধ্য থেকে একজনকে পোস্টাল ব্যালটে ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন কনজারভেটিভ দলের প্রায় ১ লাখ ৬০ হাজার সদস্য।

ব্রেক্সিট ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে গত মাসে পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে। গত ৭ জুন যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের নেতার পদ থেকে টেরিজার সরে দাঁড়ানোর পর নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করে টোরি পার্টি। গত ১৩ জুন প্রথম দফার ভোটে সর্বোচ্চ ভোট পান সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। এই দফায় টিকে থাকা সাত প্রার্থীর মধ্যে ১৮, ১৯ ও ২০ জুন অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফার ভোটাভুটি। গত বৃহস্পতিবার ভোটাভুটি শেষে বরিস জনসন ১৫৭ ভোট পেয়ে পরিষ্কারভাবে দ্বিতীয় দফায়ও এগিয়ে আছেন। ভোটাভুটিতে ৩৪ ভোট পান পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সাজিদ জাভিদ।

এক বিবৃতিতে জাভিদ বলেন, ‘সহকর্মী ও দেশব্যাপী কনজারভেটিভ সদস্যদের কাছ থেকে যে সমর্থন পেয়েছি তাতে আমি আপ্লুত। আমরা জেতার জন্য লড়েছি কিন্তু শেষ পর্যন্ত সবাই মিলে যে লড়াই লড়তে পেরেছি তাতে আমি গর্বিত।’

ব্রেক্সিট ইস্যুতে মতপার্থক্যের কারণে টেরিজার মন্ত্রিসভা থেকে গত বছর পদত্যাগ করেন বরিস জনসন। রক্ষণশীল দলের অর্ধেকেরও বেশি আইনপ্রণেতার ভোট পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এখনো অনেক দূর যেতে হবে।

দ্বিতীয় দফার ভোট শেষে টিকে থাকা দুই প্রার্থী বরিস জনসন ও জেরেমি হান্টের মধ্য থেকে একজনকে নির্বাচিত করতে আজ ২২ জুন থেকে ভোট দেওয়া শুরু করবেন রক্ষণশীল দলের ১ লাখ ৬০ হাজারেরও বেশি সদস্য। পোস্টাল ব্যালটের মাধ্যমে দেওয়া এই ভোটের ফলাফল আগামী ২২ জুলাই ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। এ দুই প্রার্থীর মধ্যে তুলনামূলক বিচারে এগিয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ররিস জনসন। যদিও দেশের জনগণের একাংশের মধ্যে জনসনবিরোধী চেতনা কাজ করছে। অনেকেই মনে করেন, জনসনের অধীনে যুক্তরাজ্যে ব্রেক্সিট হলে কোনো চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত