সুদের টাকা না পাওয়ায় লক্ষ্মীপুরের রামগতিতে এক জেলের বসতবাড়ি পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে রামগতি উপজেলার চরআফজাল এলাকায়। এ ঘটনায় চররমিজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ও তার ছেলে রিয়াজ হোসেনসহ ৬জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। হতদরিদ্র জেলে গিয়াস উদ্দিনের আত্মীয় লিটন হোসেন বাদল বাদী হয়ে শুক্রবার রাতে রামগতি থানায় এ মামলা দায়ের করেন।
মামলা সূত্র ও ক্ষতিগ্রস্তরা জানায়, বছরখানেক আগে চর রমিজ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের কাছ থেকে ১০ হাজার টাকা সুদ নেয় হতদরিদ্র জেলে গিয়াস উদ্দিনের স্ত্রী শাহীনুর বেগম।
ইতোমধ্যে ১০ হাজার টাকা পরিশোধ করেন তারা। এরপর থেকে বাকি সুদ ও আসল মিলিয়ে আরও ১৪ হাজার টাকা দেওয়ার জন্য গিয়াস উদ্দিন চাপ সৃষ্টি করে আসছিল।
গত বৃহস্পতিবার সকালে ওই টাকার জন্য চাপ সৃষ্টি করে আওয়ামী লীগ নেতার ভাতিজা দিদার হোসেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের ইন্ধনে তার লোকজন শাহীনুর আক্তার ও তার পরিবারের ওপর হামলা চালায়।
একপর্যায়ে হামলাকারীরা শাহীনুর বেগমের বসতঘরে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্ত শাহীনুর আক্তারের ভাই লিটন হোসেন বাদল। এ সময় শাহীনুর আক্তার, তার ভাই লিটন হোসেন বাদলসহ ৫জন আহত হন।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
এ ঘটনায় আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের সঙ্গে বার বার যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তার ছেলে রিয়াজ হোসেন বলেন, শাহীনুর আক্তারের কাছে আমার বাবার কিছু টাকা পাওনা রয়েছে। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে তারাই নিজেরা দোকান থেকে কেরোসিন কিনে এনে তাদের বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেন বলে দাবি করেন তিনি। এ ঘটনার সাথে তার বাবা ও তাদের কেউ জড়িত নয়।
রামগতি থানার ওসি এটিএম আরিচুল হক জানান, এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনসহ ৬জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
