ব্রাহ্মণদের আবেগে আঘাত করায় পরিচালককে হুমকি

আপডেট : ২২ জুন ২০১৯, ০২:০৩ পিএম

আয়ুষ্মান খুরানার বলিউড সিনেমা ‘আর্টিকেল ১৫’ মুক্তি পাচ্ছে ২৮ জুন। এই ঘোষণা ও ট্রেলার প্রকাশের পর থেকেই একাধিকবার খবরের শিরোনামে এসেছে ছবিটি। সম্প্রতি পরিচালক অনুভব সিনহা জানালেন, হুমকি দিয়ে তাকে ফোন করা হচ্ছে।

অবশ্যই ট্রেলার মুক্তির পরই তোপের মুখে পড়েছিল ‘আর্টিকেল ১৫’। কাহিনি নিয়ে আপত্তি তুলেছিল পরশুরাম সেনা।

তাদের অভিযোগ, এই ছবির প্রেক্ষাপট ব্রাহ্মণ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে। তাদের হীনভাবে দেখানো হয়েছে। আর তারা ট্রেলার দেখেই রীতিমতো ক্ষুব্ধ হয়।

ব্রাহ্মণদের মধ্যে উচ্চবর্ণ মহান্তদের নিয়েও নাকি প্রশ্ন তুলেছে ‘আর্টিকেল ১৫’। ছবিতে নাকি তাদের অপরাধী হিসেবে দেখানো হয়েছে। যা ঠিক হয়নি।

পরশুরাম সেনার বক্তব্য, যদি ‘পদ্মাবত’ ছবির বিরোধিতা করতে পারে ঠাকুররা, তাহলে নিজের সম্মান রক্ষার্থে তারাই বা ছবির বিরোধিতা করতে পারবে না কেন? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করার কথাও জানান।

পরিচালক অনুভব সিনহার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও ব্যর্থ হয়। কারণ, পরিচালক নাকি তাদের ফোন ধরছেন না। এবার অনুভবকেই ফোনে এবং ই-মেইলে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি, মুক্তির আগে বিভিন্ন মাল্টিপ্লেক্সেও বেনামি চিঠি গিয়েছে এই মর্মে যে ছবি প্রদর্শিত হলেই ব্রাহ্মণ সম্প্রদায়ের রোষানলে পড়তে হবে।

২০১৪ সালে বদায়ুঁ ধর্ষণের ঘটনা সারা ভারতে তোলপাড় তোলে। উত্তর প্রদেশের আসনে তখন ছিলেন অখিলেশ যাদব। পুলিশের তদন্তের পর দেখা যায় অভিযুক্তদের তালিকা বেশ লম্বা। পাপ্পু যাদব, অবধেশ যাদব, উর্বেশ যাদব, ছত্রপাল যাদব ও সর্বেশ যাদবের বিরুদ্ধে ছিল অভিযোগ। এদের মধ্যে আবার ছত্রপাল ও সর্বেশ যাদব পুলিশ সদস্য।

অভিযুক্তদের নাম প্রকাশ্যে আসার পর এই ধর্ষণ মামলায় অবহেলার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। তৎকালীন যাদব সরকার ও সমাজবাদী পার্টির নির্দেশে নাকি মামলা থেকে হাত গুটিয়ে নেয় পুলিশ। ছবিতে সেই ঘটনা তুলে ধরা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত