রামপাল, রূপপুর ও মাতারবাড়ীর মতো প্রকল্পগুলোকে প্রকৃতি ধ্বংসের আখ্যা দিয়ে এগুলো বাতিলের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। পাশাপাশি এসব প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ বাতিলেরও দাবি জানিয়েছে তারা। গতকাল শনিবার পুরানা পল্টনের মুক্তিভবনে জাতীয় কমিটি আয়োজিত ‘রামপাল, রূপপুর ও বাজেট ২০১৯-২০’ শীর্ষক পর্যালোচনা সভায় এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘সরকার উন্নয়নের নামে এমন অনেক প্রকল্প নিয়ে এগোচ্ছে, যেগুলো দীর্ঘমেয়াদে দেশের জন্য শুধু আর্থিক বোঝাই সৃষ্টি করবে না, প্রাণ-প্রকৃতি বিনাশ করে দেশ ও জননিরাপত্তাকে বিপর্যস্তও করবে। উন্নয়নের কথা বলেই সরকার এখনো সুন্দরবনবিনাশী রামপাল প্রকল্প অব্যাহত রেখেছে। সরকার ইউনেস্কোকে দেওয়া বিশ্বঐতিহ্য রক্ষার অঙ্গীকার ভঙ্গ করে বিশ্ববাসীর কাছে বাংলাদেশকে হেয় করেছে। সরকারের এই ভূমিকায় একদিকে বাংলাদেশ অরক্ষিত হচ্ছে, অন্যদিকে সুন্দরবন তার বিশ্বঐতিহ্য মর্যাদা হারাতে বসেছে।’
সভায় আরও বক্তব্য দেন জাতীয় কমিটির সংগঠক রুহিন হোসেন প্রিন্স, আবদুস সাত্তার, আবুল হাসান রুবেল, মাহা মির্জা, প্রকৌশলী কল্লোল মোস্তফা, খান আসাদুজ্জামান মাসুম, শুভ্রাংশু চক্রবর্তী, মোশারেফ হোসেন নান্নু, জুলফিকার আলী, আকবর খান, শওকত আহমেদ, নাসির উদ্দিন নসু, জাহাঙ্গীর আলম ফজলু, শহিদুল ইসলাম সবুজ, সামসুল আলম, খালেকুজ্জামান লিপন প্রমুখ।
