সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতারা দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেও বিভক্ত হয়ে কর্মসূচি পালন করেছেন। জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল হুদা মুকুট এবং সাধারণ সম্পাদক এম এনামুল কবির ইমনের অনুসারীরা পৃথকভাবে কর্মসূচি পালন করেন।
নুরুল হুদা মুকুটের নেতৃত্বে গতকাল রবিবার সকালে শহরের রমিজবিপণীস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা সমাবেশ করেন।
অন্যদিকে এম এনামুল কবির ইমনের নেতৃত্বে শহরের হাসননগর এলাকায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।
এছাড়া পৌর মেয়র নাদের বখতের নেতৃত্বে পৌর আওয়ামী লীগের ব্যানারে তার অনুসারীরা পৌরসভা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে।
কেন্দ্র থেকে কঠোর নির্দেশনার পরও প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নেতাদের বিভক্ত হয়ে কর্মসূচি পালন করায় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
