ইরানের দিকে একটা গুলি ছুড়লে গোটা মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে বলে ট্রাম্পকে সতর্ক করেছেন দেশটির এক শীর্ষ সেনা কর্মকর্তা।
মার্কিন ড্রোন নামানোর পালটা জবাব দিতে ইরানের উপর সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করেছিল মার্কিন প্রশাসন। বৃহস্পতিবার শেষ রাতে হামলার সব প্রস্তুতিও হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে অভিযান স্থগিত করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর সোমবার থেকেই তাদের বিরুদ্ধে বড় ধরনের আর্থিক নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
এই পরিস্থিতিতে ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেন, ‘এই এলাকার পরিস্থিতি এখন ইরানের অনুকূলে। আমেরিকা ও তার জোটসঙ্গীরা যদি ভুল করেও সামরিক পদক্ষেপ নেয়, তাহলে মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে।’
বিশ্লেষকেরা বলছেন, চাপের মুখে পড়লে ইরান এই সংঘাতকে গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে দিতে পারে। তার প্রক্সি দেশ যেমন- ইরাক, সিরিয়া বা অন্যদের আহ্বান জানাতে পারে মার্কিন লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে।
এমনকি লেবাননের হিজবুল্লাহ সিরিয়ায় থাকা ইরানি সেনাদের সমন্বয়ে ইসরায়েলের ওপর রকেট হামলা করতে পারে।
আর এসবের লক্ষ্য হবে ওয়াশিংটনকে এটা দেখানো যে, ইরানের ওপর কোনো ছোট আকারের আঘাতও পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে পারে।
