সাধারণ মানুষের দেওয়া করের ২৫ কোটি টাকা খরচ করে বাড়ি বানিয়েছেন ব্রিটেনের রাজপুত্র হ্যারি এবং তার স্ত্রী মেগান। রাজ কোষাগার থেকে এভাবে ‘ইচ্ছামতো’ টাকা নিয়ে খরচ করায় রাজতন্ত্র বিরোধী কর্মীরা সংসদীয় তদন্তের দাবি তুলেছেন বলে জানিয়েছে ডেইলি মেইল।
ভাই প্রিন্স উইলিয়াম এবং বোন কেটের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ায় রাজপ্রাসাদ থেকে এই গ্রীষ্মে উইন্ডশোরের ফ্রগমোর কটেজে চলে যান হ্যারি। সেখানে মোট পাঁচটি বাড়ি ছিল। ২৫ কোটি টাকা খরচ করে সেগুলো এখন একটিতে পরিণত করা হয়েছে।
রাজপরিবারের বার্ষিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এসব তথ্য জানা গেছে।
ব্রিটেন সরকারের পক্ষ থেকে রাজপরিবারকে প্রতি বছর বিপুল অঙ্কের অর্থ দেওয়া হয়। এই অর্থ আসে ক্রাউন স্টেটের লাভ থেকে। সরকারের এই অর্থ দিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথ তার অফিশিয়াল কার্যক্রম পরিচালনার পাশাপাশি দখলকৃত প্রাসাদের দেখভাল করেন। রানি তার ব্যক্তিগত সম্পত্তি থেকেও প্রতি বছর বিপুল পরিমাণ অর্থ আয় করেন।
২০১৮/১৯ অর্থবছরের জন্য সরকার থেকে রানিকে ৮২.২ মিলিয়ন পাউন্ড দেওয়া হয়। এই অর্থের অর্ধেক চলে যায় রানির সরকারি বাসভবন বাকিংহাম প্যালেস এবং অন্য রাজপ্রাসাদের রক্ষণাবেক্ষণে। রাজপরিবারের এই খরচ জোগাতে সাধারণ মানুষের মাথাপিছু খরচ হয় ১.২৪ পাউন্ড।
