একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রধান জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন বলে দাবি করেছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের।
মঙ্গলবার বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বিএনপিকে উদ্দেশ করে এ কথা বলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।
মোহাম্মদ নাসিম বলেন, ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের পরিত্যক্ত নেতা ও দলের সঙ্গে চক্রান্ত করে ব্যর্থ কামাল হোসেনকে ভাড়া করে সামনে দাঁড় করালেন। ওরা কামাল হোসেনকে ওদের জন্য ভাড়া করলেন, আর কাজ করলেন আমাদের জন্য। তিনি আওয়ামী লীগের পক্ষে কাজ করে মাঠ খালি করিয়ে দিলেন আর আমরা ফাঁকা মাঠে গোল দিলাম।
আওয়ামী লীগের কৌশলের কাছে বিএনপি পরাজিত হয়েছে দাবি করে সরকারি দলের সিনিয়র এ সংসদ সদস্য বলেন, রাজনীতি হচ্ছে কৌশল। আমরা শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, আমার বিএনপির বন্ধুরা বারবার ভুল করেছেন। ২০১৪ সালে একবার ভুল গোস্যা করে নির্বাচনে এলেন না। অবরোধ করে জ্বালাও পোড়াও করলেন। তখন আমরা যেই ফাঁকা মাঠে গোল দিলাম, মনে করলেন এটা কী হলো!
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, আপনারা আমাদের কাছে বারবার হেরে গেছেন। আপনারা খেলতেও জানেন না। খেলা পরিচালনাও করতে জানেন না। আন্দোলন করার ক্ষমতা আপনাদের নেই। প্রেসব্রিফিংয়ে মধ্যে পড়ে আছেন আপনারা। আপনারা মাঠে নামতে জানেন না। আওয়ামী লীগই জানে কীভাবে মাঠে নামতে হয়। বললেন পার্লামেন্টে আসবেন না। অবৈধ পার্লামেন্ট। অবৈধ পার্লামেন্টে আজ বৈধ হয়ে বসে আছেন।
তারেক রহমান এসে বিএনপির ১২টা থেকে ১৩টা বাজিয়ে দিয়েছেন বলেও তিনি মন্তব্য করেন।
