কুমিল্লার দাউদকান্দিতে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হামলায় শুভ্রা নামে সাত মাসের শিশু নিহত হয়েছে। হামলায় নিহত শিশুটির পিতা আহম্মদ হোসেনও (৩২) আহত হয়েছেন।
বুধবার সকালে নিহত শুভ্রার নানি নাছিমা আক্তার ছয়জনের নাম উল্লেখ করে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
সোমবার ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নের মালিখিল মধ্য পাড়ায় এ হামলার ঘটনায় মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
আহত আহম্মদ হোসেন জানান, আমাদের পাশের বাড়ির রেণু মিয়ার ছেলে সোহেল, সোহাগ ও নাতি নয়ন এর সাথে প্রায় সময় খুঁটিনাটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি হতো। ঘটনার দিন সন্ধ্যায় প্রচণ্ড গরমে আমার সাত মাসের মেয়ে শুভ্রাকে কোলে নিয়ে উঠানে বসেছিলাম। হঠাৎ করেই রেণু মিয়ার ছেলেরা আমার ওপর হামলা করে। আমার মাথায় আঘাতের পর অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর দেখি আমি ও মেয়ে হাসপাতালে। কিন্তু আমার সাত মাসের মেয়েটিকে আর বাঁচাতে পারলাম না।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নিজাম উদ্দিন জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এ নির্মম ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই আসামিরা বাড়ি ঘর তালাবদ্ধ করে পালিয়ে গেছে। আসামিদের ধরতে অভিযান চলছে।
