পুত্রবধূর সঙ্গে অভিমান, ৪তলা থেকে লাফ বৃদ্ধার

আপডেট : ২৬ জুন ২০১৯, ০৮:৩৮ পিএম

ফটিকছড়িতে পুত্রবধূর সাথে অভিমান করে ৪ তলা ভবন থেকে লাফ দিয়ে মাসুদা খাতুন (৭০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন।

বুধবার দুপুরে ফটিকছড়ি উপজেলা সদরের করনেশন উচ্চ বিদ্যালয় সংলগ্ন ইদ্রিস বিল্ডিং এ ঘটনা ঘটে।

নিহত মাসুদা খাতুন হাটহাজারী উপজেলার ইছাপুর গ্রামের আব্দুর রহমান বাড়ির বাসিন্দা মৃত ফয়েজ আহমদের স্ত্রী। তার ছেলে আলা উদ্দীন দেশে থাকেন না। তিনি পুত্রবধূর সঙ্গে উপজেলা সদরের মমতাজ বিল্ডিংয়ের নিচতলার ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শী ও প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়, পুত্রবধূর সাথে কথাকাটাকাটির একপর্যায়ে অভিমান করে তিনি পাশের ইদ্রিস বিল্ডিংয়ের ৪র্থ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে।

নিহতের প্রতিবেশী মনি আক্তার বলেন, ‘প্রায় সময় তাদের বাসায় পুত্রবধূ ও শাশুড়ির মধ্যে ঝগড়া-ঝাঁটি হতো। আমরা বেশ কয়েকবার মীমাংসা করে এসেছি। আজকেও একই রকম কথাকাটাকাটির পর এ ঘটনা ঘটে।’

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার দেশ রূপান্তরকে বলেন, 'পুত্রবধূর সাথে কথাকাটাকাটির একপর্যায়ে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে আমরা লাশ উদ্ধার করেছি। লাশ মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত