সৈয়দপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় দাদা-নাতির মৃত্যু

আপডেট : ২৬ জুন ২০১৯, ০৯:৪৪ পিএম

নীলফামারীর সৈয়দপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় পথচারী দাদা-নাতি নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে আটটার দিকে সৈয়দপুর উপজেলার নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা মোড় নতুনহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পথচারী রহমতুল্লাহ প্রামাণিক (৬৫) ও তার দুই বছর বয়সের নাতি তুরাগ হোসেন।

রহমতুল্লাহ প্রামাণিক ওয়াপদা নতুনহাট গ্রামের মৃত রজব আলী প্রামাণিকের ছেলে। এবং তুরাগ মো. বাবুর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রামের পিডিবির অবসরপ্রাপ্ত কর্মচারী রহমতুল্লাহ তার নাতি তুরাগকে নিয়ে সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় সৈয়দপুর থেকে নীলফামারীগামী একটি পিকআপ ভ্যান দাদা-নাতিকে চাপা দিলে ঘটনাস্থলেই দাদা রহমতুল্লাহ প্রামাণিকের মৃত্যু হয়। গুরুতর আহত তুরাগকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের সময় পথে মৃত্যু হয় শিশু তুরাগের।

বিক্ষুব্ধ এলাকাবাসী পিকআপ ভ্যানের চালক ও হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিকআপ ভ্যানসহ চালক সৈয়দপুর পৌর এলাকার কয়া গোলাহাট সরকার পাড়া গ্রামের মো. রিমন (১৭) এবং হেলপার একই গ্রামের মো. আবু রায়হানকে (১৬) আটক করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত