২০১৯ সালে আওয়ামী লীগ সরকারের চ্যালেঞ্জ ছিল ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া জানিয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ২০১৯ সালে এই সরকারের চ্যালেঞ্জ হলো নদী রক্ষা করা। গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় নদী রক্ষা কমিশন আয়োজিত ‘নদীর পানি ও পরিবেশদূষণ প্রতিরোধে করণীয়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী আক্ষেপ করে বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও ৪৮ বছরে আমরা আমাদের নদীগুলো রক্ষা করতে পারিনি। ফলে সারা দেশে নদীগুলো দখল-দূষণে মরে যাচ্ছে। তাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হলো নদী রক্ষা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদীকে ব্যাপক গুরুত্ব দিয়েছেন জানিয়ে তিনি বলেন, সেই গুরুত্ব অনুধাবন করে নদী রক্ষায় জাতীয় নদী রক্ষা কমিশন যেসব পদক্ষেপ নেবে, সেগুলো বাস্তবায়নে নৌ পরিবহন মন্ত্রণালয় কাজ করবে।
