উইন্ডিজের দক্ষতা দেখানোর এটাই সুযোগ

আপডেট : ২৭ জুন ২০১৯, ০২:১৪ এএম

বিশ্বকাপ শুরুর আগে উইন্ডিজকে নিয়ে সবাই আশাবাদী হয়ে উঠেছিল। কারণ দলটা প্রতিভায় ভরপুর। প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪২১ করে প্রত্যাশা আরও বাড়িয়ে দেন ক্রিস গেইলরা। এরপর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গতিঝড়ে পাকিস্তানকে উড়িয়ে দেয় উইন্ডিজ। কিন্তু সেই ম্যাচের পরেই পথ হারায় ক্যারিবিয়ানরা। গেইল, নিকোলাস পুরান, ওশেন টমাস, শিমরন হেটমায়ার ও কার্লোস ব্রাফেটের প্রতিভাও আর জেতাতে পারেনি তাদের। ছয় ম্যাচের চারটিতে হেরে সেমির স্বপ্ন প্রায় ভেঙে গেছে। এমন পরিস্থিতি আজ ভারতের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে নিজেদের দক্ষতা মেলে ধরার ঘোষণা দিয়েছেন উইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। ম্যাচের আগে তিনি বলেছেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচ সবসময়ই বড় ব্যাপার। আমরা খেলার জন্য মুখিয়ে আছি। পরের তিন ম্যাচ জিতে অভিযান শেষ করতে চাই। পারফেক্ট ম্যাচ খেলতে হবে। আগামীকাল (বৃহস্পতিবার) আমাদের দক্ষতা দেখানোর সুযোগ।’ আগের ম্যাচের ভুল থেকেও শিখতে চান হোল্ডার। বলেছেন, ‘আমাদের ভুল থেকে শেখাটা খুব গুরুত্বপূর্ণ। এখনো টুর্নামেন্টে আমাদের তিন ম্যাচ বাকি এবং সব ম্যাচে আমরা জিততে চাই। একমাত্র ইংল্যান্ডের সঙ্গেই আমরা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারিনি। অন্য ম্যাচগুলোতে আমাদের যথেষ্ট সুযোগ ছিল।’ ইনজুরির কারণে আন্দ্রে রাসেল দলে নেই। এছাড়া ইভিন লুইসকে নিয়েও সংশয় আছে। যদিও তার স্ক্যানে কিছু ধরা পড়েনি। হোল্ডার বলেছেন, ‘শেষ পর্যন্ত দেখার পর আমরা সিদ্ধান্ত নেব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত