বিশ্বকাপে নিজেদের পরবর্তী ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সেমি-ফাইনালে যাওয়ার সম্ভাবনা জোরালো করতে আগামী মঙ্গলবার ওই ম্যাচে জিততেই হবে তাদের। কিন্তু বার্মিংহ্যামে অনুষ্ঠেয় ম্যাচটিতে দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। সবশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ের সময় চোটে পড়েছেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয়ে সেমি-ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। এই নিয়ে সাত ম্যাচের তিনটিতে জিতেছে তারা। ৭ পয়েন্ট নিয়ে আছে তালিকার পঞ্চমস্থানে।
আফগানিস্তান ম্যাচে ব্যাট করার সময়ই কাফ মাসলে টান পড়ে মাহমুদউল্লাহর। ২৭ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়েই নামতে পারেননি তিনি। হাসপাতালে স্ক্যান করে জানা যায়, পেশি সামান্য ছিঁড়েছে, ডাক্তারি ভাষায় যাকে বলে গ্রেড ওয়ান টেয়র।
এ ব্যাপারে বাংলাদেশ দলের ফিজিও চন্দ্রমোহন বলেন, “ভাগ্যক্রমে মাহমুদউল্লাহর পেশির চোটটা খুব একটা গুরুতর নয়। আগামী কয়েক দিনে কতটা উন্নতি হচ্ছে, তার ওপর আমরা নজর রাখব। এর পরই বোঝা যাবে পরের ম্যাচে ও খেলতে পারবে কি-না।”
দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন অবশ্য আত্মবিশ্বাসী যে, এক সপ্তাহে পুরোপুরি সুস্থ হয়ে ভারতের বিরুদ্ধে খেলতে পারবেন মাহমুদউল্লাহ।
“মানছি এটা গ্রেড ওয়ান টেয়র, কিন্তু আমাদের তো আর কালকেই ম্যাচ খেলতে হচ্ছে না। হাতে এখনো পুরো এক সপ্তাহ আছে। খেলতে পারবেই এ রকম দাবি করছি না, তবে ৫০-৫০ চান্স আছে। মাহমুদউল্লাহ দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ভারতের সঙ্গে খেলার আগে ঠিক হয়ে যাবে মনে হচ্ছে।”
মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে আশার কথা শুনিয়েছেন অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাও, “মোটামুটি সেরে উঠলেই সে ভারতের বিরুদ্ধে নেমে পড়বে। শারীরিকভাবে যদি কিছুটা দুর্বলতা থাকেও, সেটাও মানসিক শক্তি দিয়ে পুষিয়ে দেবে।”
