মেহেরপুরের গাংনীতে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে মনিরুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কসবা-কচুইখাালি মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে। নিহত মনিরুল ইসলাম কসবা গ্রামের ওসমান আলির ছেলে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান জানান, কসবা-কচুইখাালি মাঠে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে যায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীদের গুলির আওয়াজ থেমে যায় এবং তারা পালিয়ে যায়। পরে, ঘটনাস্থলে গিয়ে তল্লাশি করলে গুলিবিদ্ধ অবস্থায় মনিরুল ইসলামকে পাওয়া যায়।
ওসি জানান, মনিরুলকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এম কে রেজা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে মামলা করা হবে বলেও জানান ওসি ওবাইদুর রহমান।
তিনি জানান, নিহত মনিরুল ইসলামের বিরুদ্ধে গাংনীসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, অপহরণ, অস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও মাদক আইনে মোট ৯টি মামলা রয়েছে। তিনি জেলার শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে অন্যতম।
