চট্টগ্রামে আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষ, গুলি, আহত ৪

আপডেট : ২৯ জুন ২০১৯, ০৯:২৫ পিএম

চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে অন্তত চারজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত লালখান বাজারের কর্নেল হোটেলের মোড় থেকে বাঘঘোনা মোড় এলাকায় এই সংঘর্ষ হয়।

আহতরা হলেন মো. সুমন (১৮), মো. রিমন (১৭), মো. সেলিম (২৩) ও মনির হোসেন (৪০)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী দেশ রূপান্তরকে জানান, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম এবং স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হাসনাত মোহাম্মদ বেলালের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। দুই পক্ষের শতাধিক যুবকের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। দু’পক্ষে একে-অপরকে ইটের টুকরা নিক্ষেপ করেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়তে হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। বেলাল গ্রুপের সাইদুল ইসলামসহ আরো কয়েকজনের ওপর আকস্মিক হামলার পর সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় সাইদুল ছুরিকাঘাতে গুরুতর আহত হন।

তারা জানান, এর প্রতিবাদে শনিবার বিকেলে লালখান বাজারের কর্নেল হোটেলের মোড়ে মানববন্ধনের আয়োজন করে বেলালের অনুসারীরা।  মানববন্ধনে মিছিল নিয়ে আসার সময় তাদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। সংঘর্ষ থামাতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

সংঘর্ষে আহত চারজনকে চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান। তিনি দেশ রূপান্তরকে বলেন, ইটের আঘাতে সকলে আহত হয়েছেন। তাদের চিকিৎসাসেবা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত