সোমবার ভারতের রাজ্যসভার অধিবেশনে পরপর দুটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
প্রথমে জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধিতে একটি বিল পেশ করেন তিনি।
বিলটি লোকসভায় পাস হয়ে গেছে। মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টির সঙ্গে বিজেপির জোট ভেঙে যাওয়ার পরেই জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন প্রয়োগ করা হয়।
গত বছরের জুন থেকে এখানে রাষ্ট্রপতি শাসনের অধীনে রয়েছে। চলতি বছরেরই শেষের দিকে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা।
গত মার্চে, পুলওয়ামার হামলায় ৪০ জন ভারতীয় সেনার মৃত্যুর এক সপ্তাহ পরেই নির্বাচন কমিশন জানিয়ে দেয় তৎকালীন পরিস্থিতির বিচারে দেশের সাধারণ নির্বাচনের সঙ্গে জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন করানো সম্ভব নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিচার করে রাজ্যও নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সায় দেয়।
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে কাশ্মীরের অনন্তনাগ লোকসভা আসনে ৩ দফায় ভোটগ্রহণ সম্পন্ন করে কমিশন। কিন্তু এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই ফুঁসে ওঠে রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলি। তারা অভিযোগ তোলে জম্মু ও কাশ্মীরে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখতে আগ্রহী নয় বিজেপি সরকার।
