মাহমুদউল্লাহ রিয়াদ খেলতে পারবেন তো? ভারতের বিপক্ষে ম্যাচের আগের দিন টাইগার শিবিরে বড় প্রশ্ন এখন এটি।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে কাফ মাসলে চোট পান মাহমুদউল্লাহ। স্ক্যান রিপোর্টে ‘গ্রেড ওয়ান টিয়ার’ ইনজুরি ধরা পড়ে। শুরু থেকেই ভারতের বিপক্ষে ম্যাচে মাহমুদউল্লাহর খেল নিয়ে সংশয় ছিল।
রোববার অবশ্য দলের সঙ্গে মাহমুদউল্লাহর অনুশীলন আশা দেখায়। তবে টিম ম্যানেজমেন্ট সূত্রে বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবর প্রকাশ হয়, তাতে সংশয় ছিলই।
সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফী বিন মোর্ত্তজা যা বললেন, তাতেও মাহমুদউল্লাহর খেলা নিয়ে অনিশ্চয়তা থাকছেই। এক প্রশ্নের উত্তরে টাইগার অধিনায়ক বলেন, ‘‘মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাপারে এখনো ফিজিও ফাইনাল কল দেয়নি। এখনো হাতে কিছু সময় আছে। তার পরে দেখে বলবে।’’
মাশরাফীর নিজেরও ইনজুরির সমস্যা রয়েছে। শুরু থেকেই হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে খেলছিলেন। তবে ভারত ম্যাচের আগে নিজে পুরো ফিট বলে জানালেন মাশরাফী, ‘‘আমার ব্যাপারে বলব, আমি বোলিং করেছি। ঠিক আছি।’’
