সাভারে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আপডেট : ০২ জুলাই ২০১৯, ০৯:০৮ পিএম

সাভারে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় স্বজনদের কোন অভিযোগ না থাকায় পুলিশ নিহতের মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

মঙ্গলবার বিকেলে পৌর এলাকার রেডিও কলোনি নয়াবাড়ি মহল্লায় এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।

থানা পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের বৃষ্টির পর জাকির হোসেন একটি কাঁঠাল পাড়ার জন্য গাছে উঠলে কাঁঠাল গাছের একটি ডাল বিদ্যুৎ এর তারের ওপর গিয়ে পড়ে।

এ সময় বৃষ্টির পানির কারণে গাছটি ভেজা থাকায় মুহূর্তের মধ্যে ওই যুবক বিদ্যুতের শক খেয়ে গাছ থেকে ছিটকে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহটি উদ্ধার করে। তবে স্বজনদের কোন অভিযোগ না থাকায় সেটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত