সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের সুপারিশ

আপডেট : ০৩ জুলাই ২০১৯, ১০:১০ পিএম

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের সুপারিশ করেছে অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে একটি প্রকল্প গ্রহণ করতে বলেছে।

বুধবার সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। কমিটির সভাপতি মো. আব্দুস শহীদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ইউসুফ আব্দুল্লাহ হারুন, ফজলে হোসেন বাদশা, আহসান আদেলুর রহমান ও ওয়াসিকা আয়শা খান অংশ নেন।

কমিটির সভাপতি আব্দুস শহীদ জানান, ‘ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের প্রকল্প গ্রহণ করতে বলা হয়েছে’।  

বৈঠকে মন্ত্রণালয়ের চলমান প্রকল্পের কাজের গতি ও গুণগত মান বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। এ ছাড়া অর্থের স্বচ্ছতার জন্য অভ্যন্তরীণ অডিট ব্যবস্থা চালু করতে সুপারিশ করে কমিটি।

এ বিষয়ে কমিটির সভাপতি আব্দুস শহীদ বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের চলমান বেশ কিছু প্রকল্প নিয়ে আমরা আলোচনা করেছি। সেখানে বেশ কিছু প্রকল্পের ধীর গতি পরিলক্ষিত হয়েছে। যে কারণে কমিটি এসব প্রকল্পের গতি বাড়াতে বলেছে। পাশাপাশি সরকারি অর্থের যেন অপচয় না হয়, যার জন্য যথাযথ ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।’

এ ছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানের বিল্ডিং নির্মাণকাজের গুণগত মান বাড়াতে এবং কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীন জেলা ও উপজেলা পর্যায়ে জনবল বাড়াতে কমিটি সুপারিশ করে ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত