‘বাংলাদেশ চলতি বিশ্বকাপে দুর্ধর্ষ খেলেছে। আজ শেষ বল পর্যন্ত ওরা লড়ে গিয়েছে। জেতার ইচ্ছে নিয়ে খেলেছে’Ñ মঙ্গলবার ২৮ রানে ম্যাচ জেতার পর পুরস্কার বিতরণীতে এ কথা বলছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
প্রশ্ন ছিল পাঁচ বোলার নিয়ে একাদশ সাজানো নিয়ে। কোহলির ব্যাখ্যা, ‘পাঁচ বোলার নিয়ে খেলাটা সবসময় ফাটকা খেলার মতো। কিন্তু আমি এজবাস্টন মাঠের আয়তনকে মাথায় রেখেছিলাম। ছোট মাঠে নিখুঁত কম্বিনেশন নিয়ে নামাটা সবসময় জরুরি।’ হার্দিক পান্ডিয়াকে নিয়ে কোহলির প্রশংসা, ‘জানতাম, হার্দিককে যখন চাপে ফেলা হয়, ও নিজের সেরা খেলাটা খেলে সেই চাপ থেকে বেরিয়ে আসে। বুঝতে পারে, ব্যাটসম্যান কী করতে চাইছে। সেই অনুযায়ী বোলিং করে। হার্দিক এমন একজন ক্রিকেটার যে টিমের জন্য নিজের সবটুকু নিংড়ে দেয়।’ ডেপুটি রোহিত শর্মার চার সেঞ্চুরির প্রশংসা ঝরেছে কোহলির কণ্ঠে, ‘বেশ কয়েক বছর ধরে রোহিতের এরকম সব ইনিংস আমি দেখে চলেছি। সে যখন এরকম খেলে, গোটা ড্রেসিংরুম উৎফুল্ল হয়ে পড়ে ওভাবে মারতে দেখে। পরিষ্কার বলছি, রোহিত ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সেরা ব্যাটসম্যান।’
