আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানালেন, বরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার সঙ্গে দলীয় কারো জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সচিবালয়ে বৃহস্পতিবার সকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অপরাধের বিরুদ্ধে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির কথাও উল্লেখ করেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, সে যেই হোক। কোনো ছাড় নেই। এ সব বিষয়ে দলের পক্ষ থেকে শৈথিল্য প্রকাশের কোনো সুযোগ নেই। দলের সভাপতি অত্যন্ত কঠোর। আপনারা দেখেছেন, যে কোনো ধরনের নাশকতার সঙ্গে যুক্ত দলীয় অনেক নেতা কারাগারে আছে, জেল খাটছে, মামলার পেছনে দৌড়াচ্ছে।”
নয়ন বন্ডকে ক্রসফায়ারে দিয়ে কাউকে আড়াল করা হচ্ছে কিনা- এমন প্রশ্নের জবাবে বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। নয়ন পুলিশকে লক্ষ্য করে বন্দুক তাক করে ছিল, পুলিশ আত্মরক্ষার্থে তাকে গুলি করে।”
বিএসআরএফের সভাপতি তপন বিশ্বাস, সেক্রেটারি শামীম আহমেদ ও নির্বাচিত নেতারা এই মতবিনিময়ে অংশ নেন।
