মারা গেছেন ভারতের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বিড়লা গ্রুপের প্রতিষ্ঠাতা বি কে বিড়লা। বুধবার মুম্বাইয়ে ৯৮ বছর বয়সে মারা যান দেশটির নামকরা এই শিল্প ব্যক্তিত্ব।
এনডিটিভি জানায়, ভারতীয় শিল্পের অন্যতম ধারক বাহক বি কে বিড়লা বহুদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
মাত্র ১৫ বছর বয়সেই ব্যবসায় যোগ দিয়ে পরবর্তীতে পুরো দেশের শীর্ষতম ব্যবসায়িক ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন কলকাতার এই বাসিন্দা।
সেঞ্চুরি টেক্সটাইল অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন বিড়লা। কেশোরাম ইন্ডাস্ট্রির সভাপতি থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায় সহায়কও হয়ে ওঠেন তিনি।
বি কে বিড়লা তার উত্তরসূরী হিসাবে রেখে গেছেন তার দুই মেয়ে মঞ্জুশ্রী খৈতান ও জয়শ্রী মোহতাকে। তারাই এখন কেশোরাম ইন্ডাস্ট্রিজ, জয়শ্রী টি অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সঙ্গে যুক্ত রয়েছেন।
২০১৫ তে মারা যান তার স্ত্রী সরলা বিড়লা। তার একমাত্র ছেলে আদিত্য বিক্রম বিড়লাও ১৯৯৫ সালে মারা যান।
কলকাতার বিড়লা পার্ক থেকেই বৃহস্পতিবার তার শেষকৃত্যের অনুষ্ঠান শুরু হবে।
