আশুলিয়ায় স্বামীর সঙ্গে লুডু খেলায় হেরে যাওয়ায় অভিমানে ফারজানা আক্তার (১৯) এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
এ সময় স্বামী ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার গোরাট এলাকার তাহাজ উদ্দিনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ফারজানা রংপুরের আদিতমারী থানাধীন কালিরহাট এলাকার হজরত আলীর মেয়ে এবং একই এলাকার রাজমিস্ত্রি সুমনের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে আশুলিয়ার গোরাট এলাকার তাহাজ উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।
নিহতের ছোট ভাই মশিউর রহমান জানান, দুপুরে সে ও তার বোন ফারজানা এবং ভগ্নিপতি সুমন লুডু খেলছিল। খেলায় ফারজানা হেরে গেলে অভিমান করে ঘরের ভেতরে ঢুকে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এ সময় তার ভগ্নিপতি জানালা দিয়ে বিষয়টি দেখতে পেয়ে দ্রুত দরজা ভেঙে বোনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জামিনুর রহমান বলেন, নিহত ফারজানা ও তার ভাই মশিউর এক গ্রুপে এবং স্বামী সুমন ও তার ছোট বোন অপর গ্রুপে বিভক্ত হয়ে দুপুরে লুডু খেলেন। খেলায় ছেলেপক্ষের কাছে মেয়েপক্ষ হেরে যাওয়ার অপমানে স্ত্রী ফারজানা ঘরের আড়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। তার পরিবারের লোকজনকে খবর দিয়ে থানায় আনা হয়েছে।
তিনি জানান, এ বিষয়ে তাদের কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তেই মৃতদেহ হস্তান্তর করা হবে।
