তিউনিসিয়ার উপকূলে আবারও অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
বিবিসি জানায়, জারজিস শহরের কাছে উপকূলে নৌকাডুবির এ ঘটনায় চার অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের হাসপাতালে মৃত্যু ঘটেছে।
উদ্ধার হওয়া তিন মালিয়ান নাগরিক জানায়, ইউরোপ পাড়ি দিতে তারা লিবিয়ার জুউয়ারা থেকে নৌকা করে রওয়ানা দিয়েছিলেন তারা।
লিবিয়া থেকে ইতালির হয়ে ইউরোপে ঢুকতে এই রুটটা মানবপাচারকারীদের কাছে অন্যতম বলে জানা গেছে।
এর আগেও তিউনিসিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। মে মাসে এক ঘটনায় ডুবে যাওয়া ৭৫ যাত্রীর মধ্যে বেশিরভাগই ছিলেন বাংলাদেশি।
জুনেও আরেক নৌকাতে ৬৪ জন বাংলাদেশি তিউনিসিয়ার উপকূলে আটকে যাওয়ার খবর বের হয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।
