গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি দেবে বিএনপি

আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১২:০৭ এএম

গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে কর্মসূচি প্রণয়নে শুক্রবার বৈঠকে বসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।

বৃহষ্পতিবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান জানান, শুক্রবার বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে গত শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছাত্রদলের নতুন কমিটি গঠন নিয়ে চলমান সংকট নিরসন, দলের কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন স্থায়ী কমিটির সদস্যরা। তবে বৈঠক শেষে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করা হবে। তবে এখনও তারা তারিখ চূড়ান্ত করতে পারেননি।  

গত ৩০ জুন গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা দেয় সরকার। পরদিন ১ জুলাই সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীরাদের সঙ্গে নিয়ে বিক্ষোভ মিছিল করেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

পরে কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে রিজভী গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সরকার অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল না করলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি রাজপথে জোরদার আন্দোলন গড়ে তুলবে। পরে দলের মহাসচিব গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত