ভারত থেকে ডিঙ্গি নৌকাযোগে নিয়ে আসা অস্ত্রের একটি চালান আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখের আলী সীমান্তের সাদ্দামের চর থেকে ৬টি বিদেশি পিস্তুল, ১টি রিভলবার, ৩টি ওয়ানশুটার গান, ১০টি ম্যাগাজিন ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযানে চোরাকারবারি আটক করতে বিজিবি ২ রাউন্ড গুলি করলেও এ ঘটনায় কেউ আটক হয়নি।
চাঁপাইনবাবগঞ্জ বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পিলার ২৭/৫ এস-এর কাছে সাদ্দামের চর এলাকায় বাখের আলী বিওপির একটি দল গতকাল শুক্রবার ভোরে অভিযান চালায়। অভিযানকালে একটি ডিঙ্গি নৌকা তল্লাশি করে একটি ব্যাগে থাকা অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে মাঝি পালিয়ে যায়।
