নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী। তাদের হাতেই এ দেশ নিরাপদ, বাংলাদেশ নিরাপদ বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, এম.পি।
শনিবার সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লায় অবস্থিত সাভার মডেল কলেজের নবীন বরণ-২০১৯ ও বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমি তোমাদের অভিনন্দন জানাই যে তোমরা বাংলাদেশ গড়ার হাল ইতিমধ্যেই ধরে নিয়েছ। আজকে শিক্ষার্থীরা নবীন বরণ অনুষ্ঠানের মাধ্যমে মডেল কলেজে যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবের অস্তিত্বের প্রকাশ ঘটিয়েছে সে জন্য এখানে আর কোন স্বাধীনতা বিরোধী সংগঠন দাঁড়াতে পারবে না।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে এবং শেখ হাসিনার স্বপ্নের উন্নত দেশ গড়ার জন্য তোমরা বাংলাদেশকে গড়ে তোলার কাজ করবে। এজন্য নিয়মিত পড়াশুনা করে নিজেদের গড়ে তুলবে।
কেউ সোনার চামচ মুখে নিয়ে জন্মায়নি উল্লেখ করে তিনি বলেন, জীবনে যারা কষ্ট করে পড়াশুনা করে ভালোভাবে পাশ করেছে তারাই আজকে বড় বড় জায়গায় স্থান পেয়েছে।
শেখ হাসিনা সরকার অনেক ধনী সরকার উল্লেখ করে ত্রাণ প্রতিমন্ত্রী আরও বলেন, এবার সরকার ৫ লক্ষ ২৩ হাজার একশ নব্বই কোটি টাকার সর্বোচ্চ বাজেট দিয়েছে। যেখানে ২ লক্ষ ১১ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট দেওয়া হয়েছে। আমরা এই টাকা দিয়ে আপনাদের উন্নয়ন করতে পারব। এছাড়া আমাদের মাথাপিছু আয় বেড়েছে, রপ্তানি বেড়েছে, রিজার্ভ বেড়েছে, বিদেশ থেকে রেমিটেন্স আসছে এবং মুদ্রাস্ফীতি এবং দরিদ্রের হার কমেছে।
বর্তমানে অনেক ভালো অবস্থানে আছি উল্লেখ করে তিনি বলেন, যদি আমরা সদিচ্ছা প্রকাশ করি এবং সকলকে দুর্নীতি থেকে মুক্ত করতে পারি তাহলে বাংলাদেশকে অবশ্যই সিংগাপুর, মালয়েশিয়ার মতো উন্নত দেশ উপহার দিতে পারব।
সাভার মডেল কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল হাই এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, সাভার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মঞ্জুরুল রহমান রাজিব, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান সাভার মডেল কলেজের অধ্যক্ষ মো. তৌহিদ হোসেন, প্রফেসর ড. আমিনুর রশিদ, ড. ইলিয়াস মোল্লা প্রমুখ।
