সরকারের পরিণতি ভালো হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।
রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বামজোটের হরতাল পালনে সরকার দাবি মেনে নেবে কিনা এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘যে সরকারের ম্যান্ডেট নেই, সেই সরকার কি করবে না করবে আমরা জানি না, তবে আমাদের এই সংগ্রাম এই পর্যায়ে থাকবে না এর স্ফুলিঙ্গ দাবানলের আকারে ছড়িয়ে পড়বে একদিন । যদি সরকারের বোধগম্য না হয়, উপলব্ধি না হয়, তাদের পরিণতি ভালো হবে না। সুতরাং এখনো সময় আছে, জনগণের দাবি মেনে নেওয়ার।’
রিজভী আরও বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রে জনস্বার্থে তারা এই হরতাল দিয়েছে। এই হরতালে বিএনপির সমর্থন দিয়েছে, আমি এর আগেও বলেছি জনস্বার্থে যারা যে কোনো কর্মসূচি দেয় বিএনপি তাকে সমর্থন জানাবে, একটা বৃহৎ বিরোধী দল হিসেবে। গণতন্ত্রের জন্য আজকে যে লড়াই, এই লড়াই একটা ব্যাপক জনগোষ্ঠীকে মুক্ত করার, স্বাধীন করার। এই লড়াইয়ের প্রত্যেকটি ইস্যুতে জনগণ তাদের সাথে থাকবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করে বিএনপির এ মুখপাত্র বলেন, ‘আপনারা মধ্যরাতে নির্বাচন করবেন সেটা মেনে নিতে হবে, আপনারা একতরফা নির্বাচন করবেন সেটা মেনে নিতে হবে, আপনারা গ্যাসের দাম বাড়াবেন সেটা মেনে নিতে হবে, বিদ্যুতের দাম বাড়াবেন সেটা মেনে নিতে হবে, আপনারা কে কারা? আপনাদের আচরণ দস্যুদের আচারের মধ্যে কোন পার্থক্য নাই।’
তিনি বলেন, ‘গত বুধবার শেখ হাসিনার ট্রেনবহরে হামলার সম্পূর্ণ বানোয়াট ও প্রহসনের সাজানো মামলায় বিএনপির ৯ জনের ফাঁসি, ২৬ জনের যাবজ্জীবন দিয়েছে একটি আদালত! যে ঘটনায় কেউ হতাহত হয় না সেই মামলায় ফাঁসি হওয়ার কোন আইন পৃথিবীতে আছে কিনা আমাদের জানা নেই। এই ধরনের রায় পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন হয়ে থাকবে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, নাজমুল হক নান্নু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
