মাগুরায় প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র খুন হয়েছে।
রবিবার দুপুরে মাগুরা সদর উপজেলার শিবরামপুর গ্রামের মডার্ন মোড়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
নিহত ছাত্রের নাম লিসান ফকির (১৮)। এসময় লিসানকে বাঁচাতে গিয়ে দিপু নামে তার এক বন্ধু আহত হয়েছে। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত লিসান সদরের আঠারোখাদা মঠবাড়ি গ্রামের রফিকুল ইসলাম ফকিরের ছেলে। লিসান মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের মানবিক বিভাগের ১ম বর্ষের ছাত্র।
হাসপাতালে চিকিৎসাধীন আহত দিপু জানান, রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে লিসান ও তার বন্ধুরা মোটরসাইকেল যোগে শিবরামপুর মডার্ন মোড় এলাকায় ঘুরতে যায়। এ সময় সোহেল নামে শিবরামপুরের এক যুবক তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। ওই যুবকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে লিসানের পেটে ছুরিকাঘাত করে। লিসানকে বাঁচাতে গেলে ওই যুবক দিপুকে ছুরি দিয়ে পিঠের ডান পাশে আঘাত করে জখম করে।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকেরা লিসানকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িতকে গ্রেপ্তারে অভিযান চলছে। পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনা ঘটতে পারে।
