মাদারীপুরের কালকিনিতে দশম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাহাবুব শিকদার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার সকালে কালকিনি থানা পুলিশ ঢাকার খিলগাঁও থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মাহাবুব কালকিনির রমজানপুর ইউনিয়নের জজিরা গ্রামের কালু শিকদারের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, কালকিনির ডিগ্রিরচর ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল জজিরা গ্রামে মাহাবুব শিকদার (২২)। গত ১১ জুন রাতে ওই শিক্ষার্থীর ঘরে ঢুকে ধর্ষণ শেষে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে মাহাবুবের পরিবারকে চাপ প্রয়োগ করে। কিন্তু তাতে রাজি না হয়ে সে এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে ওই শিক্ষার্থী বাদী হয়ে কালকিনি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
ভুক্তভোগীর বাবা বলেন, আমার মাদ্রাসা পড়ুয়া মেয়ের সরলতার সুযোগ নিয়ে এবং বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিল মাহাবুব। এখন বিষয়টি এলাকার সবাই জানে। আমি লম্পট মাহাবুবের বিচার চাই।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোফাজ্জেল হোসেন বলেন, মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় ধর্ষণ মামলা হয়। আমাদের কালকিনি থানা পুলিশ তাকে পলাতক অবস্থায় ঢাকার খিলগাঁও এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করে কালকিনি নিয়ে এসেছে।
