রাজধানীর নাটক সরণির (বেইলি রোড) মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঙ্গলবার মঞ্চস্থ হবে ভারতের জনপ্রিয় গায়ক, অভিনেতা ও নির্মাতা অঞ্জন দত্তের নাটক ‘সেলসম্যানের সংসার’। নির্দেশনার পাশাপাশি অভিনয়ও করবেন তিনি।
এর মধ্য দিয়ে প্রথমবার ঢাকার মঞ্চে অভিনয় করবেন অঞ্জন। সোমবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি।
দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করে অনুষ্ঠানটির আয়োজক সাজ্জাদ হুসাইন বলেন, “অঞ্জন দা পুরো টিম নিয়ে সোমবার বিকেলে ঢাকায় এসেছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা ও রাত ৮টায় নাটকটির দুটি প্রদর্শনী হবে মহিলা সমিতির মঞ্চে।”
দিন দু-এক আগে ফেসবুকে অঞ্জন দত্ত ঢাকায় আসার খবর জানিয়ে বলেন, “আমার একটা স্বপ্ন ছিলো ঢাকায় গিয়ে অভিনয় করবো। আপনারা অনেকেই আমার গানের ভক্ত। অনেকবার গিয়েছি গান করতে। কিন্তু অভিনয় আমার প্রথম প্রেম। সেই ২১ বছর বয়স থেকে অভিনয় করে চলেছি। এত দিন পর, শেষ বয়সে এসে অভিনয় করতে যাচ্ছি ঢাকায়। যেখানে আমার অজস্র শ্রোতা আছে।”
নাটকটির টিকিটের মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা। অল্প কিছুর মূল্য ৩ হাজার টাকা। টিকিটের সঙ্গে পাওয়া যাবে অঞ্জন দত্তের নাট্যজীবন নিয়ে বই ‘নাট্যঞ্জন’।
অঞ্জন আরও বলেন, “অনেক তো গান শুনেছেন। একটু মঞ্চে আমাদের দেখুন না। হৃদয় থেকে বলছি। অনেক খরচা হচ্ছে বলেই টিকিটের দামটা একটু বেশি। কত টাকা বেকার খরচ হয়। যদি একটু কষ্ট করে টিকিট কাটেন আমাদের যাওয়াটা সার্থক হবে। আমার অনেক দিনের ইচ্ছে বা স্বপ্নটা আপনারাই সার্থক করতে পারেন। প্রথমবার, হয়তো শেষবার। আসুন না। কথা দিলাম ভালো লাগবে।”
আয়োজক সূত্রে জানা যায়, ইতিমধ্যে কিছু টিকিট বিক্রি হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫টায় পর্যন্ত মিলনায়তনের সামনের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
‘সেলসম্যানের সংসার’-এর প্রদর্শনী প্রথমে শিশু একাডেমির মিলনায়তনে হওয়ার কথা ছিল। পরবর্তীতে কারিগরি সুবিধার জন্য জাতীয় নাট্যশালার ঘোষণার দেয় আয়োজকরা । কিন্তু রোববার জানা যায়, ওই মিলনায়তন বরাদ্দই নেওয়া হয়নি।
এর জেরে নাট্যশালায় এই নাটকের মঞ্চায়ন নিয়ে আপত্তি তুলে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান। পরবর্তীতে মহিলা সমিতির মঞ্চটি চূড়ান্ত হয়।
