জয়পুরহাটে সড়ক সংস্কারের দাবিতে পরিবহন ধর্মঘট

আপডেট : ১১ জুলাই ২০১৯, ০১:১৫ পিএম

জয়পুরহাট-মোকামতলা, জয়পুরহাট-আক্কেলপুর, জয়পুরহাট-দুপচাঁচিয়া ও জয়পুরহাট-বাইপাস হিলি সড়কসহ অন্যান্য সড়কগুলো জরুরি ভিত্তিতে সংস্কারের দাবিতে ধর্মঘট ডেকেছে জয়পুরহাটের বাস- মিনিবাস মালিক গ্রুপ, জয়পুরহাট জেলা ট্রাক ও ট্যাংকলরি মালিক গ্রুপ, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন এবং জেলা ট্রাক ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সংগঠন।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলবে এই ধর্মঘট। ধর্মঘট চলাকালে ঢাকাগামী এবং আন্তঃজেলা ও উপজেলার সব রুটে সব ধরনের ইঞ্জিনচালিত যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জয়পুরহাট-মোকামতলা, জয়পুরহাট-আক্কেলপুর, জয়পুরহাট-দুপচাঁচিয়া ও জয়পুরহাট-বাইপাস-হিলি সড়কসহ অন্যান্য সড়কগুলো জরুরি ভিত্তিতে সংস্কারের দাবিতে গত ২৪ জুন জয়পুরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয়।

সেখানে জানানো হয়ছিল, ১০ জুলাইয়ের মধ্যে সড়কগুলো সংস্কারের ব্যবস্থা না করলে ১১ জুলাই থেকে জেলার সব রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। এতে প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা আজকে সকাল-সন্ধ্যা ধর্মঘট পালন করছি। এরপরও প্রশাসন কোনো পদক্ষেপ না নিলে ধর্মঘট শেষে মালিক- শ্রমিক বসে আলোচনা করে পরবর্তীতে লাগাতার ধর্মঘটেরও ডাক দেওয়া হতে পারে।

সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌলশী সাদেকুল ইসলাম ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর কাজ ধীর গতিতে চলার কথা স্বীকার করে দেশ রূপান্তরকে বলেন, ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর কাজে কিছু বিড়ম্বনা হওয়ায় এ দুর্ভোগ সৃষ্টি হয়েছে। তবে আমরা এবং ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো মিলে যত দ্রুত সম্ভব মানুষ ও যানবাহন চলাচলে সড়কগুলো উপযোগী করা হবে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে বার বার নোটিশ দিয়ে তাগাদা দেওয়া হচ্ছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত