মাগুরায় দিনে অথবা সন্ধ্যায় শহরে স্কুল-কলেজেরে ছাত্রদের আড্ডা দিতে দেখলেই আটক করছে সদর থানা পুলিশ।
বুধবার রাত পর্যন্ত চার দিনে ১০২ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শহরের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ সড়ক, সৈয়দ আতর আলী সড়ক, সরকারি মহিলা কলেজ সড়কসহ বিভিন্ন আড্ডাস্থল থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে অধিকাংশই কিশোর ও কলেজছাত্র। এ ছাড়া নিয়মিত মামলার কিছু আসামি রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগে আটকদের আদালতে সোপর্দ করার পাশাপাশি কিছু শিক্ষার্থীকে যথাযথ মুচলেকা সাপেক্ষে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ আরো জানায়, নারী নির্যাতন ও মোটরসাইকেল নিয়ে পূর্ববিরোধের জের ধরে গত রবিবার মাগুরা সদরের শিবরামপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ছাত্র লিসান (১৮) খুনের পর বিশেষ এই ঝটিকা অভিযান শুরু হয়।
এ ব্যাপারে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে মাগুরায় বখাটের উপদ্রব লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে অভিযান পরিচালনার পাশাপাশি বিভিন্নভাবে সমাবেশ করে সবাইকে অনেকবার সতর্ক করা হয়েছে। তবু পারিবারিক অসচেতনতার কারণে এটি নিয়ন্ত্রণ করা বেশ দুরূহ হয়ে উঠছে।
তিনি বলেন, বিষয়টি নিয়ে অভিভাবকদের উদ্বেগ ক্রমশ বাড়ছে। শুধু চলতি জুলাই মাসের প্রথম সপ্তাহে প্রেম-সংক্রান্ত বিরোধ, ইজিবাইক ও মোটরসাইকেল নিয়ে বিরোধের সূত্র ধরে তিনটি খুনের ঘটনা ঘটেছে। মোবাইল চুরির ঘটনায় এক মাদ্রাসাছাত্র আরেক মাদ্রাসাছাত্রকে জবাই করে হত্যার চেষ্টা চালিয়েছে। এ ছাড়া ঘটেছে ধর্ষণের ঘটনা।
তিনি জানান, যার সবগুলো ঘটেছে ১৮ থেকে ২০ বছরের উঠতি বয়সীদের দ্বারা।
জানা গেছে, এ অবস্থার মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান বিভিন্ন স্কুল-কলেজে সচেতনতামূলক সমাবেশের ঝটিকা অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন। অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে বখাটেপনাসহ 'অযাচিত' আড্ডা বন্ধ, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ ও শহরের বেপরোয়া মোটরসাইকেল চালানো বন্ধ। দিনের বেলায় কোনো শিক্ষার্থীকে ইউনিফর্ম পরিহিত অবস্থায় স্কুল-কলেজ চলাকালীন সময়ে বিনা কারণে শহরে পেলে একই ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে মাগুরা জেলা আইনশৃঙ্খলা কমিটি বৃহস্পতিবারের সভায় এক সপ্তাহের ব্যবধানে এক কলেজছাত্র খুনসহ তিন হত্যা, এক স্কুলছাত্রী ধর্ষণ, এক মাদ্রাসাছাত্রকে জবাই করে হত্যার চেষ্টাসহ বিভিন্ন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সম্মিলিত সামাজিক উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।
পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান ছাড়াও মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুমার কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, শালিখা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট কামাল হোসেন,সদর থানার ওসি সিরাজুল ইসলাম, শ্রীপুর থানার ওসি মাহাবুবুর রহমান, শালিখা থানার ওসি তরীকুল ইসলাম প্রমুখ।
