কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতাকালীন কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মুক্তিযোদ্ধা প্রবীণ আইনজীবী মিঞা মো. হাসান আলী রেজার সন্ধান চেয়ে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে আদালত প্রাঙ্গণে জেলা বার সমিতি এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন সমিতির সভাপতি রফিকুল ইসলাম খান আলো, সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম শিশির, সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান, সরকারি আইনজীবী (পিপি) আনন্দ মোহন আর্য্য, আইনজীবী মীর শামসুল আলম শাহজাদা প্রমুখ।
বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হাসান আলী রেজাকে উদ্ধার করে ফেরত দেওয়ার দাবি জানান।
বক্তারা বক্তব্যে জানান, গত সোমবার ৭৬ বছর বয়সী মুক্তিযোদ্ধা ও আইনজীবী হাসান আলী রেজা টাঙ্গাইল শহরের সাবালিয়া বাসা থেকে চা পানের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেননি। এলাকার একটি সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় হেলমেট ও রেইনকোট পরিহিত এক যুবক মোটরসাইকেলে চড়ে যাচ্ছেন। সেই থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
